কোরান শরীফ, সহনশীলতার শিক্ষা দেয়, নিউটাউনে এক শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে বললেন একেএম ফারহাদ
বিশেষ প্রতিবেদন, নিউটাউন : প্রকৃত ধর্ম প্রেমী কখনো অন্য ধর্মকে আঘাত করতে পারে না বলে মন্তব্য করেন নিউটাউন মাঝেরআইট পীরডাঙ্গা দরবার শরীফের পীরজাদা তথা উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আলহাজ্ব একেএম ফারহাদ।

উল্লেখ্য হাদিয়া ন্যাশনাল এডুকেশনাল কাউন্সিলের পরিচালনায়, বৃহস্পতিবার একগুচ্ছ সামাজিক কর্মসূচি গৃহীত হলো নিউটাউনের শিলপোতা মোড়ে।উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়ে খুদে শিক্ষার্থীদের সঙ্গে খুনসুটিতে মেতে ওঠার পাশাপাশি ভবিষ্যতে ভালো মানুষ হওয়ার কথা বলেন, এ কে এম ফারহাদ। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বসে আঁকো প্রতিযোগিতা,কেরাত,ক্যুইজ, স্বাস্থ্য পরীক্ষা সহ নানা ধরনের কর্মসূচিতে মুখরিত হয়ে ওঠে মহম্মাদপুরের ঈদগাহ ময়দান।হাজার খানেক শিশুদের সম্বন্বয়ে এই ধরনের সৃজনশীল কর্মসূচি গ্ৰহন করার জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান ফারহাদ। রাজ্য হজ্ব কমিটির কার্যনির্বাহী আধিকারিক তথা এমডিএফসির জেনারেল ম্যানেজার মোঃ নকি বলেন, ইসলাম শান্তির ধর্ম।তাই সকল সম্প্রদায়ের মানুষের জন্য কাজ করে যাওয়াই প্রকৃত দেশপ্রেমিকের কাজ।

এইধরনের অনুষ্ঠানের মাধ্যমে সঠিক বার্তা পৌঁছানোর আর্জি জানান নকি সাহেব।উক্ত অনুষ্ঠানে অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের কর্ণধার আব্দুল মাতিন বলেন, এই ধরনের সৃজনশীল কর্মসূচির মধ্যে দিয়ে নবপ্রজন্ম উঠে আসবে।

