জেলা 

হাওড়ার বাগনানে বুধবার সকালে ঝাড়খণ্ডের জনপ্রিয় ইউটিউবার খুনে রহস্য ঘনীভূত! একাধিক প্রশ্নের উত্তর নেই! তদন্তে পুলিশ

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : হাওড়ার বাগনানের অদূরে রাজাপুর থানা এলাকার মহিষ রেখা ব্রিজের পাশে ঝাড়খণ্ডের এক ইউটিউব তারকাকে খুন করা নিয়ে রহস্য ক্রমশই ঘনীভূত হচ্ছে। প্রশ্ন উঠতে শুরু করেছে মহিষ রেখা ব্রিজের পাশে ঝাড়খন্ড থেকে আসা গাড়িটা যে দাঁড়াবে এই খবরটা দুষ্কৃতীদের কে দিয়েছিল ? বা দুষ্কৃতীরা কেমন করে জানতে পারলেন যে ওইখানে গাড়িটা দাঁড়াবে এবং গাড়িচালক অর্থাৎ মৃত রিয়া কুমারীর স্বামী পেচ্ছাপ করার জন্য ওই সময় গাড়ি থেকে বের হবেন? তদন্তকারীদের এটা নিয়ে ভাবাচ্ছে!

প্রসঙ্গত বলা যেতে পারে আজ বুধবার সকাল ছটা নাগাদ বাগনানের অদূরে রাজাপুর থানা এলাকার মহিষ রেখা ব্রিজের উপরে গাড়ির ভেতরে থাকা রিয়া কুমারী নামে এক ইউটিউবারকে দুষ্কৃতিকারীরা গুলি করে খুন করেছে বলে তার স্বামী অভিযোগ করেছেন। এই অভিযোগ পাওয়ার পরে ঘটনাস্থলে ছুটে যায় রাজাপুর থানার পুলিশ।

মৃতার স্বামী প্রকাশ কুমারকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে তন্ন তন্ন করে খুঁজে দেখলেও গুলির খোল খুঁজে পাওয়া যায়নি বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এখানেই পুলিশের সন্দেহ তীব্র হচ্ছে!

প্রকাশের দাবি, সেই সময় গাড়ি থেকে নেমে ছিনতাইয়ে বাধা দিয়েছিলেন রিয়া। বাধা পেয়ে দুষ্কৃতীরা রিয়াকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি চালায়। কানের তলায় গুলি লাগে রিয়ার। এর পর দুষ্কৃতীরা ছিনতাই করে পালিয়ে যায় বলে দাবি প্রকাশের। প্রকাশ আহত স্ত্রীকে নিয়ে পৌঁছন রাজাপুর থানার পীরতলা এলাকায়। সেখানে স্থানীয় বাসিন্দাদের বিষয়টি জানান তিনি। স্থানীয় বাসিন্দারা খবর দেন পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে আসার পর উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় রিয়াকে। কিন্তু চিকিৎসকরা রিয়াকে মৃত বলে জানান।

প্রকাশের এই বয়ান খতিয়ে দেখছে পুলিশ। বিশেষত তাঁদের ভাবাচ্ছে, সেতুর কাছে গাড়ি দাঁড় করানো এবং ঠিক সেই সময়েই দুষ্কৃতীদের প্রকাশকে ঘিরে ফেলা— এই দুই ঘটনার সমাপতন। এই দুই ঘটনা কাকতালীয়, না কি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ আধিকারিকের বক্তব্য, ‘‘এটা ছিনতাই বলে মনে হচ্ছে না। দুষ্কৃতীরা কী করে জানল যে, ওই দম্পতি মহিষরেখা সেতুর কাছে দাঁড়াবে? তারা কী আগে থেকেই ওখানে দাঁড়িয়েছিল? না কি প্রকাশ এবং রিয়ার গাড়িটিকে অনুসরণ করছিল? তা ছাড়া সচরাচর ওই ফাঁকা জায়গায় কোনও গাড়ি দাঁড়ায় না। এর পিছনে অন্য কোনও কারণ থাকতে পারে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে।’’ পুলিশ বুধবারই প্রকাশকে নিয়ে যায় ঘটনাস্থলে। সেখানে গোটা বিষয়টির পুনর্নির্মাণ করেন তদন্তকারীরা। আশপাশে কোথাও সিসি ক্যামেরা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। যে গুলিটি রিয়াকে করা হয়েছে সেটার খোলের খোঁজ চালাচ্ছে পুলিশ। প্রকাশের গাড়িটি পরীক্ষা করছেন তদন্তকারীরা। তা খতিয়ে দেখবে ফরেন্সিক দলও।

বিষয়টি নিয়ে হাওড়া গ্রামীণের পুলিশ সুপার স্বাতী ভাঙালিয়া বলেন, ‘‘নিহতের নাম রিয়া কুমারী। ওঁর আর একটি নাম ঈশা আলিয়া। তবে তিনি ইউটিউব করতেন কি না এ নিয়ে পুলিশের কাছে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে কোনও তথ্য নেই। ওঁর বাড়ির লোকজন আসছেন। ওঁরা এলে অভিযোগ দায়ের হবে। গোটা বিষয়টাই তদন্ত সাপেক্ষ।’’


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ