বগটুই হত্যাকান্ডের মূল অভিযুক্তকে গ্রেফতার করল সিবিআই
বাংলার জনরব ডেস্ক : বীরভূমের রামপুরহাটের বগটুই কান্ডের মূল অভিযুক্তকে গ্রেফতার করল সিবিআই।লালন শেখ ওরফে ছোট লালন নামে ওই যুবককে গ্রেফতার করেছেন সিবিআই আধিকারিকরা। লালনের বিরুদ্ধে বগটুইয়ে আগুন লাগানোর অভিযোগ রয়েছে। লালনকে ঝাড়খণ্ডের পাকুড় এলাকার একটি বাড়ি থেকে গ্রেফতার করেছে সিবিআই। তাঁকে রামপুরহাট আদালতে হাজির করানো হয়েছিল। বিচারক তাঁকে ৬ দিন হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, গত ২১ মার্চের পর থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন লালন। বগটুই-কাণ্ডের মূল অভিযুক্ত তিনি। লালন গত ২১ মার্চ রাতে সেই গ্রামের বেশ কয়েক জন বাসিন্দাকে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনার নেতৃত্ব দিয়েছিলেন বলে অভিযোগ। সিবিআই সূত্রে জানা গিয়েছে, নিহত তৃণমূল নেতা ভাদু শেখের ডান হাত ছিলেন এই লালন। বিভিন্ন সময়ে ওই কাণ্ডে ধৃতদের জিজ্ঞাসাবাদে করে লালনের নাম পান সিবিআই আধিকারিকরা। অবশেষে তাঁকে ধরল সিবিআই।

রবিবার সকালে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর শারীরিক পরীক্ষা করানো হয়েছে। ২১ মার্চ বগটুই গ্রামে যাঁদের পুড়ে মৃত্যু হয়েছিল তাঁদের আত্মীয় মিহিলাল শেখ ধৃত লালনের ফাঁসির দাবি তুলেছেন। তিনি বলেন, ‘‘সে দিন যে দলবল এসেছিল তার নেতৃত্বে ছিল লালন। আমরা ওর ফাঁসির দাবি জানাচ্ছি। এটা মানুষও চাইছে।’’

