‘‘এই যে ওরা কথায় কথায় বলে, ডিসেম্বর ধামাকা, সরকার পড়ে যাবে। আপনারা জানেন, আমি দরজা যদি খুলে দিই তা হলে দলটা থাকবে না”: অভিষেক বন্দ্যোপাধ্যায়
বাংলার জনরব ডেস্ক : দরজাটা খুলে দিলে ডিসেম্বরেই ওই দলটা শেষ হয়ে যাবে অতএব ডিসেম্বরের হুমকি দেখিয়ে লাভ নেই বিজেপিকে কাঁথির সভা থেকে এভাবেই কটাক্ষ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,‘‘এই যে ওরা কথায় কথায় বলে, ডিসেম্বর ধামাকা, সরকার পড়ে যাবে। আপনারা জানেন, আমি দরজা যদি খুলে দিই তা হলে দলটা থাকবে না। খালি আপনাদের ভাবাবেগকে সম্মান দিয়েছি। কারণ দুঃসময়ে মীরজাফর, বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে বুক চিতিয়ে তৃণমূলের কর্মীরা যে ভাবে লড়াই করেছেন তাঁদের মর্যাদা দিয়ে আমি দরজাটা খুলছি না। যদি দরজা খুলি বিজেপি দল থাকবে না।’’
এর পর তিনি উপস্থিত দলীয় কর্মী-সমর্থকদের কাছে জানতে চান, ‘‘বলুন, দরজা খুলব? আমার মাঝে মাঝে মনে হয়, একটু খুলে দিই দরজাটা। আগামী সপ্তাহে খুলি একটু ৫ সেকেন্ডের জন্য? তার পর আবার বন্ধ করে দেব। আমি একটু ছোট্ট করে দরজাটা খুলতে চাই।’’ তিনি এও জানিয়েছেন, বিজেপি থেকে যারা তৃণমূলে আসতে চলেছে তারা কারও মাথার ওপর বসবে না। তাঁর কথায়, ‘‘সেই দায়িত্ব আমার। আমি কথা দিয়ে যাচ্ছি।’’

শাসক দলের সাধারণ সম্পাদক এদিন বলেন,আমার কথা লিখে রাখুন, নন্দীগ্রামে আবার ভোট হবে। ফল বাতিল হবে। বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনে ভোট নিয়ে বার্তা অভিষেকের। আমি আবার ২ মাসের মধ্যে এখানে আসব। বললেন অভিষেক। সুনীল মণ্ডল, এনসি গিরি নামে ঠিকাদার, সরকারি কর্মচারী অনীশ ঘোষের সঙ্গে কার সম্পর্ক? সব তথ্য দলের কাছে আছে। প্রয়োজনে সেই তথ্য সুপ্রিম কোর্টকে দেওয়া হবে। সংবাদমাধ্যম এই তথ্য খতিয়ে দেখতে পারে। আজ এই সভা থেকে ওই দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুরু হল। কাঁথির সভায় বললেন অভিষেক।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ দলের অন্যান্য নেতাদের মুখে মুখে বেশ কয়েক দিন ধরেই শোনা যাচ্ছে ‘ডিসেম্বর-বার্তা’। তাতে সরকার পড়ে যাওয়ার হুঁশিয়ারির সঙ্গে মিশে রয়েছে রহস্যও। আর বিজেপি নেতাদের এই ধরনের রহস্যময় বক্তব্যের পাল্টা কথা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকের সভা ঘিরে পূর্ব মেদিনীপুরের তৃণমূল কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়। এদিন অভিষেক যে বার্তা দিলেন তা থেকে দল যে অনেকটা উজ্জীবিত হবে তা নিয়ে কোন সন্দেহ নেই। ডিসেম্বরে খেলা হবে শুভেন্দু থেকে শুরু করে দিলীপ ঘোষ পর্যন্ত যেভাবে বলে যাচ্ছিলেন তার উত্তর সেই ভাবে দিতে পারেনি তৃণমূল কংগ্রেস। আজ শনিবার তার উত্তর অভিষেক বন্দ্যোপাধ্যায় তীব্র ভাষায় দিয়েছেন বলে ওয়াকিবহাল মহল মনে করছেন।

