অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগের রাতে বিস্ফোরণে উড়ল তৃণমূল নেতার বাড়ি, মৃত ৩
বাংলার জনরব ডেস্ক : আজ শনিবার কাঁথিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। এই সভার ঠিক আগের রাতেই বিস্ফোরণে উড়ল এক তৃণমূল নেতার বাড়ি। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাত সাড়ে ১০টা নাগাদ কাঁথির ভগবানপুর-২ ব্লকের ভূপতিনগর থানার অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের নাড়য়াবিলা গ্রামে এই বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের ফলে তৃণমূল নেতা-সহ তিন জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও দু’জন। ইতিমধ্যেই ঘটনাস্থলে মোতায়েন রয়েছে ভূপতিনগর থানার পুলিশ।
সূত্রের খবর, নিহত তৃণমূল নেতার নাম রাজকুমার মান্না। এলাকার তৃণমূলের বুথ সভাপতি হিসেবে রাজকুমার পরিচিত। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই ঘটনায় নিহত বাকি দু’জন দেবকুমার মান্না ও বিশ্বজিৎ গায়েন। রাজকুমার এবং দেবকুমার সম্পর্কে দুই ভাই। আহতদের উদ্ধার করে পশ্চিম মেদিনীপুরে একটি হাসপাতালে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।

বিজেপির অভিযোগ, রাজকুমার নিজের বাড়িতে বোম বাঁধার কাজ করছিলেন। তখনই অসাবধানতার কারণে বোমা ফেটে এই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের মাত্রা এতটাই বেশি ছিল যে, বাড়ি পর্যন্ত উড়ে যায়। নিহত এবং আহতরা তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বলেও স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ।

