চাকরির লোভ দেখিয়ে এক তরুণীকে কুপ্রস্তাব! দাঁইহাট পুরসভার চেয়ারম্যানকে অবিলম্বে পদত্যাগ করার নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
বাংলার জনরব ডেস্ক : এক তরুণীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠায় তৃণমূল নেতা শিশির কুমার মন্ডলকে দাঁইহাট পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করতে নির্দেশ দিলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। জানা গেছে এই নির্দেশ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা সভাপতি ও কাটোয়া পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় কে নির্দেশ দিয়েছেন অবিলম্বে দাঁইহাট পুরসভার চেয়ারম্যান পর থেকে শিশির মন্ডলকে পদত্যাগ করার নির্দেশ দিতে। বৃহস্পতিবার এ খবর জানিয়েছেন পূর্ব বর্ধমানের তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।
উল্লেখ্য তৃণমূল নেতা ও দাঁইহাট পুরসভার চেয়ারম্যান শিশির মন্ডল এক তরুণীকে কুপ্রস্তাব প্রস্তাব দিয়েছিলেন। ওই তরুণীকে চাকরির লোভ দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দিয়েছিলেন বলে একটি অডিও ভাইরাল হয়েছে। ফোনে কথোপকথন করার সময় এই অডিওটি রেকর্ড করা হয়েছে বলে অভিযোগ।
ওই অডিয়ো ক্লিপে শোনা গিয়েছে, এক তরুণী ‘কাকা’ বলে এক জনকে সম্বোধন করে চাকরির আবেদন করছেন। যাকে ‘কাকা’ বলে সম্বোধন করা হচ্ছে, অভিযোগ তিনি দাঁইহাটের চেয়ারম্যান। পরে ‘কাকা’ তাঁকে ফোন এবং ভিডিয়ো কল করা শুরু করেন। পুজোর আগে একটি লজে ডেকে শারীরিক সম্পর্কের বিনিময়ে চাকরি ও টাকা দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়। অভিযোগ এমনই।
ওই অডিয়ো ক্লিপ প্রকাশ্যে আসতেই বেকায়দায় পড়ে শাসক দল। দলের অন্দরেও সমালোচনার ঝড় ওঠে। সেই আবহে বৃহস্পতিবার বিকেলে তৃণমূল শীর্ষ নেতৃত্বের কাছ থেকে জেলা নেতৃত্বের কাছে শিশিরকে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করতে বলার নির্দেশ আসে।
জেলা সভাপতি রবীন্দ্রনাথ বলেন, ‘‘দাঁইহাট পুরসভার চেয়ারম্যান শিশিরকুমার মণ্ডলের যে অডিয়ো ভাইরাল হয়েছে সংবাদমাধ্যমে, তার জেরেই এমন সিদ্ধান্ত নিয়েছেন দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ শিশিরবাবুকে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করতে বলা হয়েছে। উনি পদত্যাগ করবেন৷ পরে যদি ওই অডিয়ো ক্লিপ মিথ্যে প্রমাণিত হয়, তখন আবার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা যাবে।’’

