নবম-দশম শিক্ষক নিয়োগে নম্বর চুরির আশঙ্কা! এসএসসির কাছে উত্তরপত্র সহ নম্বর চাইলো কলকাতা হাইকোর্ট, ১৪ই নভেম্বর পরবর্তী শুনানি
বাংলার জনরব ডেস্ক : নবম দশম এর শিক্ষক নিয়োগ পরীক্ষায় একটি প্রশ্ন ভুল ছিল তাই সেই প্রশ্নের জন্য অতিরিক্ত দু’নম্বর প্রত্যেককে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজশেখর মান্থার।
একইসঙ্গে এই নির্দেশ যথাযথ পালন হচ্ছে কিনা ওএমআরশিট বা উত্তরপত্র পরীক্ষার্থীদের দেখানোর নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজশেখর মান্থার। কিন্তু কলকাতা হাইকোর্টের এ নির্দেশকে কোনরকম গুরুত্ব না দিয়ে স্কুল সার্ভিস কমিশন সাদা খাতায় নম্বর লিখে তা বলে দেয় পরীক্ষার্থীদের। আর এ নিয়েই ১১ জন এসএলএসটি পরীক্ষার্থী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।
আজ বৃহস্পতিবার এই মামলার শুনানিতে বিচারপতি বিশ্বজিৎ বসু বলেছেন ভুল প্রশ্নের জন্য যে বাড়তি নম্বর দেয়া হয়েছিল এসএসসিকে তা প্রমাণ হিসাবে উত্তরপত্র দেখাতে হবে। মামলাকারীদের মূল অভিযোগ এক্ষেত্রে নম্বর চুরি হয়েছে।
বাড়তি নম্বর পাওয়া ২০১৬ সালের এসএলএসটির ইতিহাস পরীক্ষার্থীরা জানিয়েছেন, গত সেপ্টেম্বরে পর্ষদ ফোন করে অফিসে যেতে বলে। সেখানে গেলে শুধু সাদা কাগজে নম্বর লিখে তা পড়ে শোনায় পর্ষদ।
আদালতের নির্দেশ অনুসারে মার্কশিট বা ওএমআর শিট দেখানো হয়নি তাঁদের। পর্ষদের এই আচরণেই নম্বর চুরির আশঙ্কা করে আবার হাই কোর্টে আসেন ১১ জন এসএলএসটি পরীক্ষার্থী। তারই জবাবে বৃহস্পতিবার এসএসসির কাছে ওই হলফনামা চেয়ে পাঠিয়েছে হাই কোর্ট। আগামী ১৪ নভেম্বর মামলাটির পরবর্তী শুনানি হবে।

