কলকাতা 

প্রাথমিক টেট উত্তীর্ণ এবং এসএসসির মেধা তালিকা ভুক্ত আন্দোলনকারীদের মঞ্চে আয়োজন হলো ভাইফোঁটার, উপস্থিত ছিলেন মুহা. সেলিম ও দিলীপ ঘোষ

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : নিয়োগের দাবিতে  ৫৯১ দিন ধরে গান্ধীমূর্তির পাদদেশে ধরনায় টেট (Primary TET) উত্তীর্ণ-সহ বহু চাকরিপ্রার্থী। এই ধর্না মঞ্চেই আয়োজন করা হলো ভাইফোঁটার। পরিবার থেকে দূরে থাকায় এবারও দাদা-ভাইদের ফোঁটা দিতে পারবেন না আন্দোলনকারী বোনেরা। আবার ধরনায় বসা দাদা-ভাইরা বোনেদের সাহচার্য পাবেন না। তাই এবার মেয়ো রোডের রাস্তাতেই ভাইফোঁটা উদযাপন করছেন চাকরিপ্রার্থীরা। তাই আন্দোলনকারী দাদা-ভাইদের কপালে চুয়া-চন্দনের ফোঁটা দিলেন ধরনামঞ্চে থাকা বোনেরা। সেখানে হাজির ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও। আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের ধরনামঞ্চে হাজির হন দিলীপ ঘোষও।

চাকরির দাবিতে ২০১৯ সাল থেকে রাস্তায় টেট উত্তীর্ণরা। শুধু প্রাথমিক শিক্ষক পদের চাকরিপ্রার্থী নয়, ধরনা দিচ্ছেন এসএসসি (SSC), এসএলএসটি (SLST) চাকরিপ্রার্থীরাও। দীর্ঘদিন ধরে পরিবার-পরিজনদের থেকে দূরে হকের চাকরির দাবিতে লড়াই করছেন তাঁরা। উৎসবের দিনও বাড়ি ফেরা হয়নি তাঁদের। তাই ধরনা মঞ্চের ভাইবোনেরা মিলেই এদিন শামিল হন এই উৎসবে।

এদিন ধরনামঞ্চ আয়োজন করা হয়েছিল ভাইফোঁটার। চুয়া-চন্দন-দই -ধান-দুর্বায় দাদা-ভাইদের মঙ্গলকামনা করেন দিদি-বোনেরা। দাদা-ভাইদের মিষ্টিমুখের ব্যবস্থাও রেখেছিলেন বোনেরা। ছিল সিঙ্গারা-মিষ্টির ব্যবস্থা।

এ প্রসঙ্গে আন্দোলনকারী বোনেরা বলছেন, পরিবার ছেড়ে বহুদূরে রয়েছি। দিনরাত বিপদ থেকে এই দাদা-ভাইয়েরাই রক্ষা করছে আমাদের। ধরনামঞ্চ এখন একটা পরিবার। তাই এই ভাইফোঁটার আয়োজন।” দাদা-ভাইরাও বলছেন একই কথা। আর এই উৎসবে অংশ নেওয়া সিপিএমের রাজ্য সম্পাদক বলেন, “আন্দোলনমঞ্চ এখন একটা পরিবার। সকলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছেন। এই ভাইফোঁটা তারই পরিচয়।”

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ