তীব্র গতিতে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং, রাত ন’টা নাগাদ আছড়ে পড়বে দক্ষিণ চব্বিশ পরগনার সাগর দ্বীপে
বাংলার জনরব ডেস্ক : তীব্র গতিতে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং। আজ সোমবার রাত ৯টার আগেই সেটি আরও শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আশঙ্কা আবহাওয়া দফতরের। আপাতত ঝড়ের শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, সেটি সোমবার দুপুর ৪টে নাগাদ সাগরদ্বীপ থেকে ২৫০ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণপূর্বে অবস্থান করছিল। আবহবিদদের অনুমান মিললে মঙ্গলবার ভোরেই ঘূর্ণিঝড়টি দুই ২৪ পরগনাকে ছুঁয়ে পৌঁছে যাবে বাংলাদেশ উপকূলে।
আবহবিদেরা জানিয়েছেন, সামুদ্রিক ঘূর্ণিঝড় সিত্রাং প্রবল ঘূর্ণিঝড হলে তার বড় ঝাপটা লাগতে পারে দুই ২৪ পরগণায়। আপাতত ঝড়ের যা মতিগতি তাতে গত কয়েক ঘণ্টায় তার গতি বেড়েছে বলেই আবহাওয়া দফতর সূত্রে খবর।

সকালে ২০ কিলোমিটার প্রতি ঘণ্টায় উপকূলের দিকে অগ্রসর হচ্ছিল সিত্রাং। দুপুরে কেন্দ্রীয় আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের উপকূলের দিকে এগিয়ে আসার গতি বেড়েছে।

