বিজ্ঞানমেলা’-র নতুন সংখ্যা প্রকাশ
দীপাঞ্জন দে: বাংলা ভাষায় বিজ্ঞান বিষয়ে প্রকাশিত পত্রিকাগুলির মধ্যে বিজ্ঞানমেলা অন্যতম। উত্তর ২৪ পরগনার গোবরডাঙা গবেষণা পরিষৎ থেকে সদ্য প্রকাশিত হল বিজ্ঞানমেলার বিশেষ নতুন সংখ্যাটি। বিজ্ঞানমেলা পত্রিকার প্রকাশক হল পশ্চিমবঙ্গ সরকারের মেঘনাদ পুরস্কারপ্রাপ্ত বিজ্ঞান সংগঠন ‘দ্য সায়েন্স এসোসিয়েশন অফ বেঙ্গল’। এই পত্রিকা প্রকাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ‘মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি’।

বর্তমানে বিজ্ঞানমেলা বাংলা ভাষায় প্রকাশিত জনপ্রিয় বিজ্ঞান-জনবিজ্ঞান বিষয়ক একটি দ্বিমাসিক পত্রিকা। দুই মাস অন্তর এর একটি করে সংখ্যা প্রকাশ পায়। তবে ২০২২ সালের এই নতুন সংখ্যাটি হল বিজ্ঞানমেলার ৪২তম বর্ষের (জুলাই-অক্টোবর ২০২২) বিশেষ সংখ্যা। বিজ্ঞানের উল্লেখযোগ্য বেশ কয়েকটি লেখা স্থান পেয়েছে এই সংখ্যায়। প্রচ্ছদেও কিছু বার্তা দেওয়া হয়েছে— দ্বিতীয় প্রচ্ছদে প্লাস্টিক বিষয়ে সচেতনতা এবং তৃতীয় প্রচ্ছদে রয়েছে কৃষ্ণনগরের গ্রেস কটেজে পরিবেশ মেলা বিষয়ে একটি প্রতিবেদন।

বিজ্ঞানমেলা প্রথম প্রকাশ পেয়েছিল ১৯৮১ সালে। শিশুদের জন্য বিজ্ঞান পত্রিকা হিসেবে বিজ্ঞানমেলার আলাদা একটি পরিচয় রয়েছে। পরবর্তীতে যদিও বিজ্ঞানমেলার চরিত্র কিছুটা পাল্টায়। বিজ্ঞানমেলা বর্তমানে শুধুমাত্র ছোটদের বিজ্ঞান পত্রিকা নয়, এখানে বিজ্ঞানের নিত্য নতুন আবিষ্কার, খবরা-খবর, বিজ্ঞান পরিবেশ বিষয়ক নিবন্ধ প্রকাশিত হয়। এই পত্রিকা চার দশকের অধিক সময় ধরে প্রকাশিত হচ্ছে। এখন বিজ্ঞানমেলার ৪২তম বর্ষ। বিজ্ঞানমেলার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন অমিত চক্রবর্তী। বরিষ্ঠ বিজ্ঞানকর্মী দীপককুমার দাঁ বর্তমানে বিজ্ঞানমেলা সম্পাদনার দায়িত্বে রয়েছেন।
লেখক: সহকারী সম্পাদক, বিজ্ঞানমেলা।

