প্রথাগত পড়া দিয়েই জীবনে প্রতিষ্ঠিত হতে হবে, এমন ধারণা বদলের দিন এসে গেছে, অনুসন্ধানের অনুষ্ঠানে বললেন বিশিষ্ট শিক্ষাবিদ রঞ্জিত সুর
নায়ীমুল হকের প্রতিবেদন: গত কাল রবিবার অনুসন্ধান কলকাতার পরিচালনায় বহু প্রতীক্ষিত অ্যাপটিটিউড টেস্ট-এর আয়োজন হয়েছিল অনলাইনে। অষ্টম-নবম-দশম শ্রেণির ছাত্র ছাত্রীরা অনলাইনে এই পরীক্ষায় যোগ দিয়েছিল রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। তাদের মধ্যে উৎসাহের অন্ত ছিল না, উৎসাহ যুগিয়ে ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা এবং অত্যন্ত আশার কথা ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়িয়ে ছিলেন তাদের অভিভাবকরাও। কোনো খরচ-খরচা ছাড়াই মূলত প্রত্যন্ত অঞ্চলে যেসমস্ত ছাত্রছাত্রীরা সাধারণভাবে অ্যাপটিটিউড টেস্ট দেওয়ার সুযোগ পায় না, তাদের জন্যই অনুসন্ধানের এই উদ্যোগ। আর এই উদ্যোগকে সম্পূর্ণ সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছিলেন বিভিন্ন বিষয়ের অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা।

এদিন অ্যাপটিটিউড টেস্ট এর পূর্বে ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত অনুষ্ঠান করা হয় যেখানে মূল বক্তা ছিলেন শিক্ষাবিদ রঞ্জিত সুর। তিনি বলেন, অ্যাপটিটিউড টেস্ট এর মূল লক্ষ্যই হলো দক্ষতার নির্ণয়। সারা পৃথিবীতে আজ এ ধরনের নানা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের দক্ষতা নির্ণয় করা হচ্ছে এবং অত্যন্ত দ্রুতগতিতে ভালো ফল উপলব্ধ হচ্ছে। এধরনের পরীক্ষায় একদিকে যেমন কার কোন দিকে পারদর্শিতা আছে, তা বোঝা যায়, আবার অন্যদিকে কনসেপ্ট ডেভেলপমেন্টের কাজটাও হয় অত্যন্ত গভীর ভাবে। ফলে ছাত্র-ছাত্রীদের পড়াশুনার ক্ষেত্রেও প্রত্যক্ষভাবে ভীষণভাবে কার্যকর হয় এই অ্যাপটিটিউড টেস্ট। তিনি আরও বলেন, প্রথাগত পড়াশুনার বাইরে আরও অনেক বড় জগত আছে, যেটাকে আমাদের খুঁজে বার করা উচিত। সবাইকেই ছোট্ট এই গন্ডির মধ্যে থাকতে হবে এমন কোন কথা নেই। দক্ষতা নির্ণয়ের মাধ্যমে আমরা যদি ছাত্র-ছাত্রীদের এই দিকটারও উন্মোচন ঘটাতে পারি, তাহলে ছাত্র ছাত্রীর সঙ্গে সঙ্গে আমাদের সমাজেও প্রভূত উন্নয়ন ঘটবে। অ্যাপটিটিউড টেস্ট-এর প্রশ্ন কেমন হয় তা নিয়েও তিনি কয়েকটি উদাহরণ সহযোগে ছাত্র-ছাত্রীদের বুঝিয়ে বলেন। অত্যন্ত সহজ ভাষায় তাঁর এই ছোট ছোট উদাহরণ সহযোগে কথা মন্ত্রমুগ্ধের মত শুনে নেয় ছাত্র-ছাত্রীরা।


এদিন অনুসন্ধান কলকাতার এই উদ্যোগে শিক্ষক-শিক্ষিকা সহ যাঁরা যেভাবে এগিয়ে এসেছেন, প্রত্যেককে অভিবাদন জানান বিশিষ্ট কৃষি বিজ্ঞানী অধ্যাপক মতিয়ার রহমান খান। বিশেষত অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, সন্তানদের জন্য আপনাদের আরও একটু এগিয়ে আসতে হবে, শিক্ষক সমাজ আপনাদের সকলের পাশে থাকতে একেবারে প্রস্তুত। এদিন সভা সঞ্চালনা করেন বিশিষ্ট গণিত শিক্ষক অনুসন্ধান কলকাতার সহ-সম্পাদক গৌরাঙ্গ সরখেল। আগামী বৃহস্পতিবার এই অ্যাপটিটিউড টেস্ট এর ফলাফল জানানো হবে ছাত্র-ছাত্রীদের জন্য নির্দিষ্ট গ্রুপে বলে তিনি জানান।

