বরাহনগরে তরুণীর রহস্য খুনে অবশেষে পুলিশের জালে অভিযুক্ত! নেপথ্যে কারা? খুঁটিয়ে দেখছে পুলিশ!
উত্তর ২৪ পরগনার বরাহনগরের ২৬ বছরের তরুণী অঞ্জলি সাউ খুনের ঘটনায় তাঁর প্রেমিককে দিল্লির একটি রেলস্টেশনের বাইরে থেকে গ্রেফতার করল পুলিশ। বরাহনগর থানার এক সাব-ইনস্পেক্টরের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। ব্যারাকপুরের ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) কুন্তল বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ধৃতকে দিল্লি থেকে নিয়ে আসা হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদের পরে আরও বিস্তারিত বলা সম্ভব।’’
পুলিশ সূত্রে দাবি, পাবজি খেলাকে কেন্দ্র করে তৈরি হয় বিবাদ। তার জেরেই অঞ্জলিকে খুন করে পালিয়ে যান তাঁর প্রেমিক। খুনের পর থেকে পলাতক ছিলেন অভিযুক্ত। এত দিন ধরে তাঁর খোঁজ চালাচ্ছিলেন তদন্তকারীরা। অবশেষে বৃহস্পতিবার তাঁকে পাকড়াও করা হয়। তবে অনলাইন গেম খেলায় কী এমন হয়েছে যার কারণে এমন ঘটনা, তা এখনও জানা যায়নি। সূত্রের দাবি, ধৃত যুবকও পাবজি খেলায় আসক্ত ছিলেন। ইতিমধ্যেই অভিযুক্তকে একপ্রস্ত জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
গত ১০ নভেম্বর বরাহনগরের ১৭ নম্বর ওয়ার্ড সংলগ্ন শীতলামাতা লেনের একটি ফ্ল্যাট থেকে অঞ্জলির দেহ উদ্ধার হয়। ২৬ বছর বয়সি ওই তরুণীর বাড়ি ডানলপ এলাকায়। জানা গিয়েছে, বরাহনগরে অঞ্জলির যাওয়ার বিষয়টি আগে থেকেই জানতেন তাঁর প্রেমিক। খুনের পরে মৃতার মোবাইল থেকেই পরিবারের সদস্যদের মেসেজ করা হয়। সেই সূত্র ধরেই মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করতে থাকে পুলিশ।
পুলিশ সূত্রে দাবি, বার বার ফোনটি সুইচ অন ও অফ করে অবস্থান বদল করছিলেন ওই অভিযুক্ত। তদন্তকারীদের বিভ্রান্ত করতেই তিনি এই কৌশল নিয়েছিলেন বলে অনুমান। যদিও অবশেষে ভিন্রাজ্যের রেলস্টেশনের বাইরে থেকে অভিযুক্ত ওই প্রেমিককে গ্রেফতার করে বরাহনগর থানার পুলিশ বলে জানা গিয়েছে। এই ঘটনায় এসিপি (বেলঘরিয়া) বলেন, “এ বিষয়ে যাবতীয় তথ্য কালকে দেওয়া হবে।” তিনি জানান, ঘটনার পর থেকে পলাতক প্রেমিক মৃত তরুণীর ফোন ব্যবহার করে ক্রমাগত পরিবারের সঙ্গে যোগাযোগ করছিলেন।
প্রসঙ্গত, মঙ্গলবার রাতে পাঁচতলার একটি ফ্ল্যাটের দরজা ভেঙে অঞ্জলির দেহ উদ্ধার করে বরাহনগর থানার পুলিশ। পুলিশের একটি সূত্র জানিয়েছে, দেহটি শোয়ানো অবস্থায় ছিল। আঘাতের চিহ্নও মিলেছে। মৃত্যুর কারণ ঘিরে তৈরি হয় রহস্য।
মঙ্গলবার অঞ্জলির দিদি বেশ কয়েক বার ফোন করেছিলেন বোনকে। তবে যোগাযোগ করতে পারেননি বলে দাবি। পরে পুলিশে খবর যায়। ঘটনাক্রমে মঙ্গলবার রাতেই ওই ফ্ল্যাটে যায় পুলিশ। দরজা ভেঙে দেখা যায়, তরুণী মৃত অবস্থায় পড়ে রয়েছেন।

