বাংলার জনরবের আন্তর্জাতিক আন্তর্জালিক কবিতা সন্ধ্যা
বিশেষ প্রতিনিধি বাংলার জনরব: অন্যপেশায় যুক্ত থেকেও নীরবে সৃষ্টিশীল সাহিত্যের মাধ্যমে সমাজকে প্রভাবিত করে চলেছেন কেউ কেউ। যাঁদের কথা সমাজের মূল স্রোতে ব্রাত্যই থেকে যায়। বাংলার জনরব নিউজ পোর্টালের সাহিত্য বিভাগ সেইসব প্রতিভাধরদের নিয়ে নিয়মিত সাহিত্য অনুষ্ঠান করে আসছে। এই উদ্দেশ্যকে সামনে রেখেই ১২ ফেব্রুয়ারি ২০২২ সন্ধ্যায় বাংলার জনরব এক আন্তর্জাতিক আন্তর্জালিক সাহিত্য অনুষ্ঠানের আয়োজন করেছিল। যাতে অংশ নিয়েছিলেন বাংলাদেশ রাজশাহীর বরিষ্ঠ কবি এরফান আলী এনাফ, গুয়াহাটি অসম থেকে বিশিষ্ট বাচিক শিল্পী নাট্যব্যক্তিত্ব অসীম ঘোষ, কলকাতা থেকে বিশিষ্ট চিকিৎসক সমাজকর্মী ও কবি দীপ্তি রায়।
বাংলার জনরবের সম্মানীয় সম্পাদক সেখ ইবাদুল ইসলাম এবং সাহিত্য সম্পাদক লেখক সেখ আব্দুল মান্নানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের সূচনায় কবি দীপ্তি রায় একটি রবীন্দ্র সংগীত পরিবেশন করে একগুচ্ছ স্বরচিত কবিতা পাঠ করে শোনান। একজন নারী হিসেবে নানা প্রতিবন্ধকতার মধ্যে তিনি কিভাবে সাহিত্য চর্চা করে বিশেষ তৃপ্তি পান তার সংক্ষিপ্ত অভিজ্ঞতাও তুলে ধরেন। অতিথি কবি এরফান আলী এনাফ কর্ম ব্যস্ততার মধ্যেও কিভাবে কাব্য সাধনা করে চলেছেন সে বিষয়ে আলোকপাত করে তিনি তাৎপর্যপূর্ণ তিনটি কবিতা পাঠ করে শোনান।


সাহিত্যবোদ্ধা নাট্যব্যক্তিত্ব তথা বাচিক শিল্পী অসীম ঘোষ রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলামের দুটি কালজয়ী কবিতা আবৃত্তির পাশাপাশি তাঁর আবেগমথিত কন্ঠে পরিবেশন করেন কবি সজল ঘোষ এবং সেখ আব্দুল মান্নানের কবিতা।
এদিন অনুষ্ঠানে পরিবেশিত প্রচারবিমুখ আমন্ত্রিত অতিথিদের প্রাঞ্জল আবৃত্তি,গান,কবিতার ওপরে একটি গঠনমূলক আলোচনা করেন সেখ ইবাদুল ইসলাম।
