কলকাতা 

TMC: মমতার কড়া অবস্থানে, তৃণমূলের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে সরিয়ে নেওয়া হলো বিতর্কিত প্রথম প্রার্থী তালিকা

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : গতকাল শনিবার কালীঘাটের বাড়িতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জরুরি বৈঠক করার পরেই শেষ পর্যন্ত তৃণমূলের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে তুলে নেওয়া হল আসন্ন পৌরসভা নির্বাচনের বিতর্কিত প্রথম প্রার্থী তালিকা। রবিবার সকালে বাংলার শাসকদলের ফেসবুক পেজ থেকে তুলে নেওয়া হয় ওই তালিকাটি। প্রসঙ্গত বলা প্রয়োজন তৃণমূল কংগ্রেসের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ১০৭ পুরসভার প্রার্থী তালিকা নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে চেয়েছিলেন তা তাকে দেখানো হয়নি তবে ফেসবুক পেজে ওই তালিকা আপলোড করে দেয়া হয়। এ নিয়ে বিভ্রান্তি তৈরি হলে সংবাদমাধ্যমে পার্থ জানিয়ে দেন, দলের ফেসবুক পেজে প্রকাশিত তালিকা সঠিক নয়। কারণ ওই তালিকায় কোনও স্বাক্ষর নেই। এর পরেই প্রকাশিত হয় স্বাক্ষর-সহ তালিকা। সেই তালিকার প্রতিটি পাতায় দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের স্বাক্ষর। সঙ্গে দলীয় রাবারস্ট্যাম্প। দ্বিতীয় ওই তালিকা প্রকাশ করা হয় জেলা স্তর থেকে। এরপর প্রথম ও দ্বিতীয় তালিকায় থাকা প্রার্থীদের নাম নিয়ে শুরু হয় বিবাদ। যদিও পরে পার্থ চট্টোপাধ্যায় ও সুব্রত বক্সীর স্বাক্ষর করা ও দলের সিলমোহর দেওয়ার প্রার্থী তালিকা জেলায় জেলায় পাঠিয়ে বিতর্ক ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়। কিন্তু তাতেও ওই প্রথম বিতর্কিত তালিকা নিয়ে গোলমাল কমেনি।

সেই বিবাদে নাম না করে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম অভিযোগ করেন, ফেসবুকের অ্যাকাউন্টের পাসওয়ার্ডের অপব্যবহার করা হয়েছে। তাঁর ইঙ্গিত ছিল প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের বিরুদ্ধে। যার জেরে এখন পিকের সংস্থা আইপ্যাকের সঙ্গে তৃণমূলের সম্পর্ক ছিন্ন হওয়া নিয়েও জোর জল্পনা শুরু হয়েছে। যদিও, কোনওপক্ষই এ বিষয়ে প্রকাশ্যে এসে কোনও বিবৃতিই দেয়নি। এ বার সেই বিতর্কের সূত্রপাতের অধ্যায়টিকেই মুছে ফেলা হল নেটমাধ্যম থেকে।

Advertisement

শনিবারের বৈঠকে মুখ্যমন্ত্রী নেটমাধ্যমে নেতাদের মতামত প্রকাশ নিয়েও নিজের অবস্থান জানিয়েছেন। স্পষ্ট করে দিয়েছেন, নেটমাধ্যমে ইচ্ছে মতো মন্তব্য করে দলকে বিড়ম্বনায় ফেলা যাবে না। নেটমাধ্যমের চেয়ে নেতাদের সংগঠনের কাজে বেশি মনোনিবেশ করতে বলেছেন তিনি। আর তাঁর এমন নির্দেশের পর দিনই তাৎপর্যপূর্ণ ভাবে বিতর্কিত প্রথম প্রার্থী তালিকাটি সরিয়ে দেওয়া হল। তবে তৃণমূলের একাংশ বলছেন, এত দিন সর্বভারতীয় তৃণমূলের ফেসবুক পেজটির দেখভাল করত আইপ্যাক। সম্প্রতি তাঁদের হাত থেকে সেই দায়িত্ব সরিয়ে দেওয়া হয়েছে। তাঁদের হাত থেকে নেটমাধ্যমে অ্যকাউন্টগুলি দলের হাতে আসতেই ওই প্রার্থী তালিকাটি মুছে দেওয়া হয়েছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ