বিশ্বাস পরিবারে ভাঙন ! আইনি বিবাহ বিচ্ছেদের পথে স্বরূপ বিশ্বাসের স্ত্রী জুঁই বিশ্বাস!
তৃণমূল নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপের স্ত্রী জুঁই বিশ্বাস আইনি পথে বিবাহবিচ্ছেদের জন্য পদক্ষেপ করেছেন। কলকাতা পুরসভার ৮১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা ১০ নম্বর বরোর চেয়ারপার্সন জুঁই বৃহস্পতিবার নিজেই এ কথা জানিয়েছেন।
জুঁই জানান, ২০১৯ সাল থেকেই তিনি দুই মেয়েকে নিয়ে আলাদা থাকছিলেন। ২০২০-২১ সালে কোভিড পরিস্থিতির কারণে এত দিন আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিবাহবিচ্ছেদের পথে হাঁটতে পারেননি। তবে এ বছরের গোড়াতেই স্বরূপ এবং তিনি আইনি পরামর্শ নিয়ে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন বলে তৃণমূল কাউন্সিলর জুঁইয়ের দাবি। তবে তাৎপর্যপূর্ণ ভাবে জুঁইয়ের এই বক্তব্যে সায় মেলেনি স্বরূপের। তাঁর সংক্ষিপ্ত বক্তব্য, “আমি পারিবারিক বিষয়ে নিয়ে সংবাদমাধ্যমে কিছু বলব না।”

