সাংবাদিক ও লেখক নৈশাদ মল্লিক রচিত “বাংলার মুখ” প্রকৃত অর্থেই পশ্চিমবাংলার ইতিহাস হয়ে উঠেছে
সেখ ইবাদুল ইসলাম : বাংলার বিশিষ্ট সাংবাদিক লেখক এবং শিক্ষক একইসঙ্গে সমাজকর্মী নৌশাদ মল্লিক পশ্চিমবাংলায় পরিচিত মুখ। রাজ্যের বিশিষ্ট সাহিত্যিক গবেষক এবং সমাজকর্মীদের কাছের মানুষ হিসাবে নৌশাদ মল্লিকের আলাদা পরিচিতি রয়েছে। তিনি ছাত্রজীবন থেকে বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন সেখান থেকে পরবর্তীকালে সাংবাদিকতায় আত্মপ্রকাশ আরো পরে শিক্ষকতা শুরু করেন। তাঁর দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতাকে সামনে রেখে এই বাংলার সামাজিক রাজনৈতিক অবস্থাকে দীর্ঘদিন ধরে প্রত্যক্ষ করার অভিজ্ঞতাকে সামনে রেখে সম্প্রতি ছায়া পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে ‘বাংলার মুখ’ নামে একটি আকর গ্রন্থ।
এ গ্রন্থটি সহজ-সরল ভাষায় লেখা হয়েছে। এই গ্রন্থের মধ্যে পশ্চিম বাংলার বিভিন্ন জেলার বিভিন্ন জায়গার সংক্ষিপ্ত বিবরণ এবং ওইসব এলাকার বিশিষ্ট ব্যক্তিদের সংক্ষিপ্ত পরিচিতি ও একনজরে পাওয়া যাবে। আজকের প্রজন্মের ছেলেমেয়েরা যারা পশ্চিমবাংলার বিভিন্ন জেলাকে খুব সংক্ষেপে জানতে চান, খুব সংক্ষেপে বুঝতে চান, তাদের কাছে বাংলার মুখ গ্রন্থটি আকর্ষণীয় হবে বলে আমাদের বিশ্বাস। বইটি পড়তে পড়তে মনে হয় পশ্চিমবাংলার গঠন থেকে শুরু করে তার বিভিন্ন জেলার ইতিহাস ঐতিহ্য আমরা একসঙ্গে জানতে পারছি। লেখক তার মুন্সিয়ানার মধ্য দিয়ে এই বইয়ে যে বিবরণ দিয়েছেন তা পড়লে আমরা ওই এলাকার প্রকৃত ইতিহাস জানতে পারি।

আমাদের রাজ্যের অনেক বিশিষ্ট সাহিত্যিক গবেষক সমাজকর্মী রাজনীতিবিদ যারা বিভিন্ন ক্ষেত্রে সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন তাঁরা হয়তো শহর কলকাতাতেই বাস করেছেন পরবর্তীকালে। কিন্তু তাঁদের আসল বাড়ি কোথায় তা অনেকেই আমরা জানতাম না বাংলার মুখ গ্রন্থটি পড়লে খুব সহজেই আমাদের কাছে সেটা স্পষ্ট হয়ে উঠবে।

এককথায় বইটি যেকোনো পাঠকের কাছে আকর্ষণীয় হতে বাধ্য। এই বইটির মধ্যে অনেক বিশিষ্ট ব্যক্তির নামের সঙ্গে আমার নাম কেও যুক্ত করেছেন লেখক নৌশাদ মল্লিক। তাঁর প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ ওইসব গুণীজনের পাশের আমার নাম মানায় না তবু তিনি জোর করে নামটি দিয়েছেন এটা আমাকে ভাবতে ভালো লাগছে।
পাঠক সমাজের কাছে আমাদের আবেদন আপনারা এই বইটি পড়ুন এবং এক নজরে পশ্চিমবাংলার ইতিহাসকে জানুন। এত সংক্ষিপ্ত আকারে পশ্চিম বাংলার ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতিকে লেখক যেভাবে তুলে ধরেছেন তাঁর মুন্সিয়ানার প্রশংসা করতেই হয়। আজকের প্রজন্মের কাছে যেমন এই বইটি আকর্ষণীয় তেমনি যেসব মানুষ পশ্চিম বাংলার বাইরে বাস করেন যাঁরা আক্ষরিক অর্থে বাঙালি তাদের কাছেও এই বইটি মূল্যবান হিসাবে আত্মপ্রকাশ করবে বলে আমাদের বিশ্বাস।
বিশেষ করে ওপার বাংলার সাধারণ মানুষ এবং গবেষকদের কাছে এই বাংলার বিভিন্ন জায়গা এবং সেই সব জায়গার গুরুত্বকে এক নজরে জানতে হলে বাংলার মুখ গ্রন্থটি পড়তেই হবে। বইটি বাঁধাই থেকে শুরু করে প্রচ্ছদ খুব উন্নতমানের করা হয়েছে এবং তা অবশ্যই প্রশংসার যোগ্য। ছাপা এবং লেখার ভাষা এবং শব্দ চয়ন এত সুন্দর হয়েছে যা যে কোন সাধারণ পাঠকের কাছে আকর্ষনীয় হয়ে উঠতে পারে। বইটি এককথায় পশ্চিমবাংলার এক ঐতিহাসিক , ঐতিহ্য ও সাংস্কৃতিক মূল্যবান দলিল হিসেবে আগামী দিনে আত্মপ্রকাশ করবে। একইসঙ্গে যারা পশ্চিমবাংলাকে নিয়ে আগামী দিনে গবেষণা করবেন তাদের কাছেও এই গ্রন্থটি অমূল্য সম্পদ হয়ে বিরাজ করবে বলে আমাদের বিশ্বাস।
বাংলার মুখ
লেখক : নৌশাদ মল্লিক
প্রকাশক: ছায়া পাবলিকেশন
৬এ শ্যামাচরণ দে স্ট্রীট কলকাতা ৭৩
মূল্য ৩৫০ টাকা মাত্র।

