জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

বসিরহাটে সমুদ্র অ্যাকাডেমির কবি প্রণাম

শেয়ার করুন

সংবাদদাতা বাংলার জনরব: গত ১৩.০৬.২৬ পড়ন্তবেলা থেকে রাত পর্যন্ত এক ভাবগম্ভীর অনুষ্ঠানের মধ্যে দিয়ে বসিরহাট সাঁইপালা সুভাষ পল্লিতে স্থানীয় “সমূদ্র অ্যাকাডেমি”র তরফে উদযাপিত হলো রবীন্দ্র নজরুল জয়ন্তী। বসিরহাট পি.সি.এম বিদ্যালয় সংলগ্ন প্রাচী ভবনে আলোচনা, গান, কবিতা, গীতি আলেখ্য ও শ্রুতি নাটকে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় ও পার্শ্ববর্তী এলাকার এক ঝাঁক কবি সাহিত্যিকের পাশাপাশি বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার বিশিষ্ট ঔপন্যাসিক ড. সিরাজুল ইসলাম ঢালী, বিশিষ্ট কবি আলমগীর রাহমান, সুপরিচিত কথাশিল্পী সেখ আব্দুল মান্নান ও ড: রবিউল ইসলাম ।

সমুদ্র অ্যাকাডেমির সম্পাদিকা বিশিষ্ট কবি ও সংগীত শিল্পী তুহিনা হক এবং সভানেত্রী বিশিষ্ট সংস্কৃতজ্ঞা ও সমাজসেবী ললিতা কয়ালের আন্তরিক ব্যবস্থাপনায় সমগ্র অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। তাদের দ্বৈতকন্ঠে পরিবেশিত উদ্বোধনী সংগীতের পর শুরু হয় প্রাতঃস্মরণীয় দুই কবির সাহিত্য, সংস্কৃতি ও আদর্শ সম্পর্কিত প্রাঞ্জল আলোচনা। বর্ষীয়ান লেখক আলি ফজর আল জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি সহ কয়েকজন কথায়, কবিতায় কবিদ্বয়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে রবীন্দ্র কবিতা আবৃত্তি করেন মিনি সাহা, স্বাগত পাল, এবং নজরুলের ‘বাসন্তী’ কবিতা আবৃত্তি করেন তুহিনা হক, ‘ বিদ্রোহী’ আবৃত্তি করেন সৌমিক চক্রবর্তী। স্বরচিত কবিতার মাধ্যমে কবিদ্বয়কে শ্রদ্ধা নিবেদন করেন কবি শহিদ বিশ্বাস,সেলিমা দফাদার, আব্দুল্লাহ সাহাজি সুদেষ্ণা মন্ডল ও রামিজ রাজ।

নবীনে প্রবীণে মিলিত পরিবেশনে মুখর হয়ে ওঠে সমগ্র অনুষ্ঠান। শিশুশিল্পী ইন্দ্রাক্ষী দে’র পরিবেশিত রবীন্দ্র নৃত্য উপস্থিত দর্শক শ্রোতা মুগ্ধ করে দেয়।

অনুষ্ঠানে পরিবেশিত শ্রুতিনাটক ও গীতি আলেখ্যর পর্বটি ছিল বেশ উপভোগ্য। বসিরহাটের সুপরিচিত বাচিক শিল্পী সাধনা মজুমদার, প্রণব মুখার্জি অভিনীত রবীন্দ্রনাথের ‘মালঞ্চ’ অবলম্বনে রচিত শ্রুতিনাটক এবং তুহিনা হক ও হাসিম আব্দুল বরকতি মুকুল যৌথভাবে পরিবেশিত গীতি আলেখ্য ‘বসন্তপুর” অনুষ্ঠানে অন্যমাত্রা এনে দেয়।

এদিন সমুদ্র অ্যাকাডেমির তরফে আয়োজিত কবি প্রণাম অনুষ্ঠানটি সকালে বৃক্ষরোপণ দিয়ে শুরু করে বিকেল থেকে রাত অব্দি আয়োজিত রুচিশীল সাহিত্য সংস্কৃতির অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিভিন্নভবে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন বিপ্লব বিশ্বাস, সুদেষ্ণা মন্ডল, রমজান আলি, সমিক বিশ্বাস, কল্পনা মন্ডল, রূপা ব্যানার্জী ও নরেশ চন্দ্র সরকার।

সমগ্র বর্ণময় অনুষ্ঠানটি অনবদ্যভাবে সঞ্চালনা করেন বিশিষ্ট সংস্কৃতি পরায়ণ ব্যক্তিত্ব বরুন পাল।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ