দেশ 

মধ্যপ্রদেশে মর্মান্তিক ঘটনা! দীপাবলির রাতে মধ্যপ্রদেশে জোড়া আগুন, দু’মাসের শিশু-সহ দুই পরিবারে মৃত ১২! বাজিদগ্ধ ৩৫

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : দীপাবলির রাতে মধ্যপ্রদেশে শোকের ছায়া। এই রাজ্যে দুটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আর এই ঘটনায় অগ্নি দগ্ধ হয়ে মারা গেছেন বারো জন।

প্রথম ঘটনাটি ঘটে কাটনি জেলার বরহি শহরে। পুলিশ সূত্রে খবর, মধ্যরাত নাগাদ শহরের একটি তিনতলা বাড়ির একতলায় থাকা বাসনপত্রের দোকানে ভয়াবহ আগুন লাগে। মুহূর্তের মধ্যে সেই আগুনের লেলিহান শিখা ও ঘন কালো ধোঁয়া উপরের তলাগুলিতে ছড়িয়ে পড়ে। সেই সময়ে উপরের তলায় ঘুমিয়ে ছিলেন অগ্রবাল পরিবারের সদস্যেরা। আগুন লাগার পর প্রথমেই পরিবারের দু’জন কোনও মতে বাইরে বেরিয়ে আসতে পারলেও বাকিরা ভিতরেই আটকে পড়েন।

রাতভর চলে উদ্ধারকাজ। ভোর সাড়ে ৪টে নাগাদ পূরণ অগ্রবাল (৭৭) নামে এক বৃদ্ধকে উদ্ধার করা হয়। পরে সকাল সাড়ে ৬টা নাগাদ জেসিবি মেশিন দিয়ে বাড়ির দেওয়াল ভেঙে ভিতর থেকে আরও পাঁচ জনের দেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। মৃত অন্যেরা হলেন পূরণের স্ত্রী চন্দ্রকলা (৭৪), পুত্রবধূ পুনম (৩৫), আর্য (১৪), অন্বী (৬) এবং দু’মাসের একটি শিশু।

মহকুমা পুলিশ আধিকারিক (এসডিওপি) বীরেন্দ্র নারভে জানান, প্রদীপের শিখা অথবা শর্ট সার্কিট থেকে ওই আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, তবে তদন্তের পরেই প্রকৃত কারণ স্পষ্ট হবে।

দ্বিতীয় ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সিওনি জেলার ছপারা শহরের মহাবীর ওয়ার্ডে একটি জৈন মন্দিরের কাছে। পুলিশ ও স্থানীয় প্রশাসন সূত্রে খবর, রাত ৩টে থেকে ভোর সাড়ে ৪টের মধ্যে স্বর্ণ ব্যবসায়ী কুন্দনলাল সোনির বাড়িতে আচমকা আগুন লাগে। লখনাউদনের মহকুমা পুলিশ আধিকারিক (এসডিওপি) অপূর্ব ভলাবী জানান, অগ্নিকাণ্ডের সময়ে বাড়ির ভিতরে মোট ১০ জন ঘুমিয়ে ছিলেন, ফলে তাঁদের বেরিয়ে আসার সুযোগ প্রায় ছিল না। তাঁদের মধ্যে ছ’জনের মৃত্যু হয়েছে এবং দুই নাবালক-সহ চার জনকে জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, সিওনির ঘটনায় মৃতেরা হলেন কুন্দনলাল সোনি (৭৫), তাঁর স্ত্রী রাজকুমারী সোনি (৬৫), ঋতু সোনি (৪২), স্মৃতি সোনি (৪০), সূর্য সোনি (৪৫) এবং আদিত্য সোনি (১৬)। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোয় দমকল বাহিনী। দমকলকর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও তত ক্ষণে ছ’জনের মৃত্যু হয়। তবে ঠিক কী কারণে ওই বাড়িতে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। দু’টি অগ্নিকাণ্ডেরই কারণ খতিয়ে দেখছে পুলিশ ও দমকল। পর পর দু’টি অগ্নিকাণ্ডের জেরে উৎসবের মরসুমে অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং জরুরি পরিষেবার প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠেছে।

অন্য দিকে, দীপাবলির উদ্‌যাপনের মাঝে মধ্যপ্রদেশের ছতরপুর জেলায় বাজি সংক্রান্ত পৃথক একাধিক দুর্ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন অন্তত ৩৫ জন। বাজির ফুলকি থেকে স্থানীয় ভাবে আগুন লাগা এবং অন্যান্য দুর্ঘটনার জেরে রাতভর জেলার হাসপাতালগুলির জরুরি বিভাগে আহতদের ভিড় উপচে পড়ে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ