কালীঘাট কাণ্ডে অভিষেকের বিরুদ্ধে এফআইআর পুলিশের,গ্রেফতার ২
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তাঁর জন্মদিনের রাতে উত্তেজনার ঘটনায় স্বতঃপ্রবৃত্ত হয়ে দু’টি মামলা করেছে পুলিশ। তার মধ্যে একটিতে নাম রয়েছে খোদ সাংসদের। ওই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, পুলিশকে চড় মেরেছেন তাঁরা। সূত্রের খবর, ওই জায়গায় বসানো সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। তা দেখে অন্য অভিযুক্তদের চিহ্নিত করার কাজ চলছে বলে খবর।
শুক্রবার রাতের ওই ঘটনার পরে কালীঘাট পুলিশের ওসি বলাই বাগের দিকে সরাসরি আঙুল তুলেছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ সূত্রে খবর, ওই ঘটনায় কালীঘাট থানায় তিনটি মামলা রুজু হয়েছে। তার মধ্যে দু’টি করেছে পুলিশ, যার একটিতে নাম রয়েছে অভিষেকের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিষেকও অজ্ঞাতপরিচয় বিজেপি কর্মীদের বিরুদ্ধে কালীঘাট থানায় অভিযোগ করেছেন। তার ভিত্তিতে একটি এফআইআর রুজু হয়েছে। আবার অভিষেকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন কয়েক জন বিজেপি কর্মীও, এমনটাই বলছে সূত্র।
কালীঘাটে শুক্রবার রাত থেকে দফায় দফায় সংঘর্ষ ঘটে। সূত্রের খবর, মাঝরাতে অভিষেকের জন্মদিন পালনের জন্য জড়ো হয়েছিলেন বহু তৃণমূল নেতা-কর্মী। সেই অনুগামীদের সঙ্গে স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকদের বচসা, ধস্তাধস্তি, ইট ছোড়াছুড়ি এমনকি মুখোমুখি সংঘর্ষের জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়। অভিষেকের অভিযোগ, তাঁদের কার্যালয়ও ভাঙচুর করা হয়েছে।
পুলিশ সূত্রের খবর, ঘটনায় দু’পক্ষেরই বেশ কয়েক জন আহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে লাঠি চালিয়ে ছত্রভঙ্গ করতে হয় দু’পক্ষকে। ঘটনার প্রতিবাদে শুক্রবার রাতেই নিজের বাড়ির সামনে অবস্থান-বিক্ষোভ শুরু করেছিলেন অভিষেক। পুলিশের সঙ্গেও তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। অভিযোগ করেন, পেরেক-বসানো লাঠি নিয়ে হামলা চালিয়েছে বিজেপির বাহিনী। শনিবার সকাল সাড়ে ৬টা নাগাদ পুলিশের হস্তক্ষেপে অভিষেক বাড়িতে ঢোকেন। তার আগে ডায়মন্ড হারবারের সাংসদ জানান, হামলার আশঙ্কার কথা জানিয়ে দু’দিন আগেই সমাজমাধ্যমে একটি পোস্ট করেছিলেন তিনি। তাতে ‘ট্যাগ’ করেছিলেন লোকসভার স্পিকারকেও। অভিষেকের দাবি, তাঁর চার-পাঁচ জন অনুগামী গুরুতর আহত হয়েছেন।
শনিবার অভিষেকের বাড়িতে প্রবেশের সময় কালীঘাটের ঘটনায় মমতা সরাসরি কাঠগড়ায় দাঁড় করান থানার ওসি বলাই বাগকে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ কয়েকটি থানা যা করে বেড়াচ্ছে! এখানে (কালীঘাট থানা) নতুন এক জনকে আনা হয়েছে। সব জানি বলাইবাবু! আপনার কী ক্ষমতা, কত প্রোমোশন পাবেন!’’

