গড়িয়ায় লিভ ইন সঙ্গীকে খুনের অভিযোগে গ্রেফতার তরুণী ও মা!
কলকাতার উপকণ্ঠে গড়িয়ায় লিভ-ইন (একত্রবাস) সঙ্গীকে খুনের অভিযোগ উঠল এক তরুণীর বিরুদ্ধে। সেই খুনের ঘটনায় ধৃতের মায়েরও যুক্ত থাকার সন্দেহ। সেই সন্দেহে তাঁকেও গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাতে গড়িয়ার ফরতাবাদে একটি ফ্ল্যাট থেকে এক যুবকের দেহ উদ্ধার হয়। মৃতের নাম সার্থক সরকার। তাঁর বাড়ি বারাসতে হলেও ফরতাবাদে ওই ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন তাঁর প্রেমিকা সঞ্চালিকা বসুর সঙ্গে। পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে কোনও কারণে দু’জনের মধ্যে অশান্তি হয়। অভিযোগ, অশান্তির মাঝেই ধারালো অস্ত্র দিয়ে সার্থকের কাঁধে কোপ মারেন সঞ্চালিকা। গুরুতর জখম হন যুবক। চিৎকার-চেঁচামেচি শুনে ওই ফ্ল্যাটে ছুটে আসেন প্রতিবেশীরা। তাঁরাই সার্থককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকেরা পরীক্ষা করে সার্থককে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। প্রাথমিক তদন্ত শেষে অভিযুক্ত তরুণীকে গ্রেফতার করে। পরে তাঁর মা মৌমিতা বসুকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে খবর। খুনের ঘটনায় তিনি যুক্ত থাকতে পারেন বলে সন্দেহ তদন্তকারীদের। স্থানীয় সূত্রে খবর, সার্থক পেশায় সফটঅয়্যার ইঞ্জিনিয়ার। সল্টলেকের সেক্টর ফাইভের একটি সংস্থায় কর্মরত ছিলেন। অভিযুক্ত তরুণী টেকনো ইন্ডিয়ায় পড়তেন।

