আন্তর্জাতিক 

ইউক্রেনের ড্রোন হামলায় কৃষ্ণ সাগরের তেলবাহী ট্যাঙ্কার আক্রান্ত, জাহাজে ছিলেন ২৩ জন ভারতীয় নাবিক

শেয়ার করুন

আবার উত্তপ্ত কৃষ্ণসাগর। পর পর দু’দিন ওই জলপথ দিয়ে যাতায়াতকারী দুই ট্যাঙ্কারের উপর হামলার ঘটনা প্রকাশ্যে এসেছে। সোমবার তুরস্কের এক পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা চালায় রাশিয়া। পরের দিন সেই কৃষ্ণসাগরেই আক্রান্ত হল লাইবেরিয়ার জাহাজ। অভিযোগ, ইউক্রেনের ড্রোন হামলায় তেলবাহী ওই ট্যাঙ্কারে আগুন ধরে যায়! ওই জাহাজের সমস্ত নাবিকই ভারতীয়। রাশিয়ার পরিবহণ মন্ত্রক জানিয়েছে, কৃষ্ণসাগর উপকূলের কাছে লাইবেরিয়ার ওই জাহাজে ড্রোন হামলা হয়। জাহাজে তেল থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন তৎক্ষণাৎ। জাহাজে থাকা ২৩ জনই ভারতীয় নাবিককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।

রাশিয়া জানিয়েছে, কৃষ্ণসাগরের উপকূলে সোচির কাছে এই ঘটনা ঘটে। সমাজমাধ্যমে এই হামলার বেশ কয়েকটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, সমুদ্র উপকূলে দাঁড়িয়ে থাকা একটি জাহাজ দাউদাউ করে জ্বলছে। কমলা আগুনের শিখা দৃশ্যমান। গলগল করে বেরোনো কালো ধোঁয়া ছড়িয়ে পড়ছে আকাশে। যদিও এই ভিডিয়োগুলির সত্যতা যাচাই করেননি আনন্দবাজার ডট কম। ঘটনার পর পরই ওই উপকূলবর্তী এলাকায় সাধারণ মানুষের যাতায়াতের উপর রাশ টানেন সোচি শহরের মেয়র।

গত সোমবার রোমানিয়ার জলসীমার বাইরে কৃষ্ণসাগরে তুরস্কের একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা হয়। সেই হামলায় অন্তত দু’জন নাবিকের মৃত্যু হয়েছে। আহত আরও কয়েক জন। আহতদের মধ্যে এক জন ভারতীয় নাবিক ছিলেন। ওই জাহাজে আরও দু’জন ভারতীয় নাবিক ছিলেন। তাঁরা অক্ষত রয়েছেন বলে জানিয়েছে রোমানিয়ার ভারতীয় দূতাবাস। এ-ও জানানো হয়, নাবিকদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তারা যোগাযোগ রাখছে। ভারতীয় রাষ্ট্রদূত মনোজ মহাপাত্র ওই ভারতীয় নাবিকদের সঙ্গে কথাও বলেছেন। তিনি নিশ্চিত করেছেন, তিন জনই সুস্থ আছেন। ওই ভারতীয় নাগরিকদের সব রকম সাহায্যের আশ্বাসও দেওয়া হয়েছে দূতাবাসের তরফে।

রাশিয়ার এই হামলায় প্রতিক্রিয়া দিয়েছে ভারত। এর বিরোধিতা করে নয়াদিল্লি জানিয়েছে, এ ধরনের হামলা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, সাম্প্রতিক মাসগুলিতে কিভ এবং মস্কো— উভয়ের সঙ্গেই আলোচনার মাধ্যমে ইউক্রেন যুদ্ধ বন্ধ করার প্রচেষ্টাকে জোরদার করেছে ভারত। তার পরেই এই হামলার নিন্দা করে জয়শঙ্কর বলেন, ‘‘কৃষ্ণসাগর থেকে পারস্য উপসাগরীয় অঞ্চল পর্যন্ত যাতায়াতকারী অসামরিক জাহাজের উপর হামলা কোনও ভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা মনে করি, রাশিয়া-ইউক্রেন সংঘাতের নিরসন আলোচনা এবং কূটনীতির মাধ্যমেই সম্ভব।’’ তবে কৃষ্ণসাগরে ইউক্রেন হামলা নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি নয়াদিল্লি।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ