ভুল চিকিৎসায় শিশুমৃত্যুর অভিযোগে একজন ‘ভুয়ো’ চিকিৎসককে গ্রেফতার করলো রাজ্য পুলিশ!
ভুল চিকিৎসায় শিশুমৃত্যুর অভিযোগে একজন ‘ভুয়ো’ চিকিৎসককে দিল্লি বিমানবন্দর থেকে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ, বেশ কিছু দিন আগে বর্ধমানের নবাবহাট এলাকার একটি হাসপাতালে চার বছরের এক শিশুর অস্ত্রোপচার করেন তিনি। অস্ত্রোপচারের পরেই ওই শিশুটির মৃত্যু হয়। ওই ঘটনার পর থেকেই পলাতক ছিলেন চিকিৎসক। শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করে পুলিশ। মঙ্গলবার রাতে চিকিৎসককে আটক করে দিল্লি পুলিশ।
পুলিশ সূত্রে খবর, চার বছরের শিশুটির মৃত্যুর পর থেকেই কিছু দিন দুবাইয়ে গা ঢাকা দিয়েছিলেন অভিযুক্ত ‘ভুয়ো’ চিকিৎসক সাইদুল হক। মঙ্গলবার সেখান থেকে দিল্লি ফেরার পর বিমানবন্দরেই তাঁকে আটক করা হয়। সাইদুলকে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে বর্ধমান থানার পুলিশ তাঁকে কলকাতায় নিয়ে এল। মঙ্গলবার রাত সাড়ে ১১টার উড়ানে দিল্লি থেকে তাঁকে নিয়ে কলকাতার উদ্দেশে রওনা দেয় পুলিশ। রাত দেড়টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছোয় তারা। এরপর সেখান থেকে তাঁকে বর্ধমান থানায় নিয়ে যাওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
বর্ধমানের নবাবহাট এলাকার একটি হাসপাতালে চার বছরের এক শিশুর অস্ত্রোপচারের সঙ্গে সাইদুলের নাম জড়ায়। অভিযোগ, ওই শিশুর অস্ত্রোপচার করেছিলেন তিনি। অস্ত্রোপচারের পরই শিশুটির মৃত্যু হয়। ঘটনাকে কেন্দ্র করে পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে সাইদুলের চিকিৎসক হিসেবে যোগ্যতা ও নথিপত্র নিয়েও প্রশ্ন ওঠে।

