কলকাতা 

শুনানি পিছিয়ে গেল সোমবারও জামিন পেলেন না নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : সোমবারও জামিন পেলেন না নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। আজ সোমবার কলকাতা হাইকোর্টে তার জামিনের মামলা পিছিয়ে গেল। সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, মঙ্গলবার সকালে মামলার শুনানি হবে। তার পরে নির্দেশ জারি করা হবে।

জামিন চেয়ে বুধবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন মিলন। তাঁর আইনজীবীরা বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে তাঁদের মক্কেলের জামিনের আবেদন করতে চান বলে জানিয়েছিলেন। তাঁদের বক্তব্য ছিল, মিলন উপনির্বাচনের প্রার্থী। জামিনের আবেদনের শুনানি করতে সময় লাগবে। আদালত মামলা দায়েরের অনুমতি দিক। এই মামলার দ্রুত শুনানি করা হোক। আইনজীবীদের বক্তব্য শোনার পর জামিনের মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি ঘোষ।

বৃহস্পতিবার বিচারপতি ঘোষ জানিয়েছিলেন, উপনির্বাচনে মিলনকে লড়তে দেওয়া হোক। তিনি অন্তর্বর্তী জামিন দিচ্ছেন। তাঁর প্রাথমিক পর্যবেক্ষণ ছিল, ‘‘আমি অন্তর্বর্তী জামিন দিচ্ছি। তিনি নির্বাচনে অংশ নিন। বাকিটা মামলার ভাগ্যের উপর নির্ভর করবে।’’ তার পরেই শুক্রবার বিকেলে শুনানির দিন ঘোষণা করা হয়। কিন্তু শুক্রবারও জামিন পাননি মিলন। চার মামলায় জামিন চেয়ে তাঁর আবেদনের শুনানি হয়। আরও দু’টি মামলাতেও তিনি জামিনের আবেদন করেন। শুক্রবার বিচারপতি ঘোষ জানান, সোমবার বাকি দুই মামলায় জামিনের আবেদনের শুনানি রয়েছে। ওই দুই মামলার শুনানি শেষে আদালত অন্তর্বর্তী জামিনের বিষয়ে নির্দেশ দেবে। যদিও সোমবার পিছিয়ে গেল শুনানি।

১৯ বছরের পুরনো মামলায় পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থেকে গ্রেফতার করা হয় মিলনকে। তাঁর বিরুদ্ধে ২০০৭ সালের জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলন পর্বে খুন, খুনের চেষ্টা, লোকজন নিয়ে জমায়েত, লুটপাট-সহ নন্দীগ্রাম থানায় তিনটি এবং খেজুরি থানায় একটি মামলা রুজু হয় বলে পুলিশ সূত্রের খবর।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ