দেশ 

চলন্ত বাসে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ৯, গ্রেটার নয়ডার ঘটনায় চাঞ্চল্য

শেয়ার করুন

চলন্ত বাসে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল অন্তত ন’জন যাত্রীর। উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার এই ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার ৩৫ জন যাত্রীকে নিয়ে নয়ডা থেকে মাহোবার দিকে যাচ্ছিল ওই শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসটি। পুলিশ সূত্রে খবর, মধ্যরাতে যমুনা এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার সময় জেওয়ারের নিকটবর্তী দয়ানটপুর গ্রামে বাসটিতে আগুন ধরে যায়। সেই সময় অধিকাংশ যাত্রীই ঘুমোচ্ছিলেন। ফলে আগুন লাগার বিষয়টি বুঝতেই অনেকের বেশ কিছুটা সময় লেগে যায়।

এই প্রসঙ্গে এক যাত্রী সংবাদসংস্থা এএনআই-কে বলেন, “ঘুমোচ্ছিলাম। একজন বললেন, বাসে আগুন লেগেছে। আমরা ভয়ে চিৎকার করতে শুরু করি। বাস থেকে বেরোনোর কাজটা সহজ ছিল না। কারণ চারদিক ধোঁয়ায় ঢেকে গিয়েছিল। কোনও রকমে আমরা বাইরে বেরিয়ে আসি।”

আগুন লাগার বিষয়টি স্পষ্ট হওয়ার পরেই বাসের মধ্যে হইচই শুরু হয়। কাচের জানলা ভেঙে বাইরে ঝাঁপ দেন যাত্রীদের অনেকে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ এবং দমকল। উদ্ধারকাজ শুরু হয়। বাসের ভিতরে কোনও যাত্রী আটকে আছেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন। আহতদের যথাযথ চিকিৎসার জন্য স্থানীয় কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। আগুন লাগার কারণ অবশ্য এখনও স্পষ্ট নয়। দমকল সূত্রে খবর, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ