জেলা 

মহাসমারোহে সম্পন্ন হলো ‘মোস্তাক হোসেন ট্যালেন্ট সার্চ ২০২৬’-এর পুরস্কার বিতরণী

শেয়ার করুন

২১ সেপ্টেম্বর ২০২৬: প্রান্তিক ও পিছিয়ে পড়া এলাকার ছাত্র-ছাত্রীদের সুপ্ত মেধাকে বিকশিত করতে ও তাদের উৎসাহিত করতে রবিবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘মোস্তাক হোসেন ট্যালেন্ট সার্চ ২০২৬’-এর সফল ছাত্র-ছাত্রীদের সার্টিফিকেট, মেডেল ও স্কলারশিপ প্রদান অনুষ্ঠান। ‘বেস এডুকেশনাল হাব’-এর উদ্যোগে আয়োজিত এই ট্যালেন্ট সার্চ প্রতিযোগিতার এটি ছিল তৃতীয় বর্ষ। উত্তরবঙ্গের বাংলা মাধ্যমের তৃতীয় শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে এই মেধা অন্বেষণ পরীক্ষা এ বছর বিপুল সাড়া জাগিয়েছে।

ট্যালেন্ট সার্চ আয়োজন কমিটির বিশিষ্ট সদস্য গোলাম রব্বানী জানিয়েছেন, এ বছর প্রতিযোগিতার প্রথম স্তরের পরীক্ষায় সমগ্র উত্তরবঙ্গ থেকে ৮,০০০ জন ছাত্র-ছাত্রী অংশ নিয়েছিল। তাদের মধ্য থেকে বাছাই করা ১,৮০০ জন শিক্ষার্থীকে নিয়ে দ্বিতীয় স্তরের পরীক্ষা নেওয়া হয়। চূড়ান্ত মূল্যায়নের পর তাদের মধ্য থেকে মেধা তালিকায় স্থান করে নিয়েছে ১৯৮ জন কৃতী পড়ুয়া। রবিবার এই সকল কৃতীদের হাতেই পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত বেস এডুকেশনাল হাব-এর প্রধান কর্মকর্তা খাদেমুল ইসলাম কৃতীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “আমরা এই অনুষ্ঠান সফলভাবে করতে পেরে সত্যিই গর্বিত।” তিনি জানান, সফল ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা প্রথম স্থান অধিকার করেছে তাদের ২,০০০ টাকা, দ্বিতীয় স্থানাধিকারীদের ১,০০০ টাকা এবং তৃতীয় স্থানাধিকারীদের ৫০০ টাকা নগদ পুরস্কার, মেডেল ও সার্টিফিকেট দেওয়া হয়েছে। এর পাশাপাশি তিনি এক বড় ঘোষণা করে বলেন, এই প্রতিযোগিতায় স্থান পাওয়া কৃতী ছাত্র-ছাত্রীরা মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর তাদের প্রত্যেককে ১,০০০ টাকা করে স্কলারশিপ প্রদান করা হবে। শিক্ষার উৎকর্ষ সাধনে বিশিষ্ট শিল্পপতি মোস্তাক হোসেনের বদান্যতার কথা তিনি কৃতজ্ঞচিত্তে উল্লেখ করেন। তিনি আরো বলেন,

শিক্ষা দরদী বড় হৃদয়ের এই মানুষটির (মোস্তাক হোসেনের) নামাঙ্কিত এই উদ্যোগ আগামী দিনে বহু প্রান্তিক ছাত্র-ছাত্রীকে নিশ্চিতভাবে দিশা দেখাবে।

বেস এডুকেশনাল হাব-এর এই উদ্যোগকে সফল করতে যৌথভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল অনুসন্ধান সোসাইটি, জিডি স্টাডি সার্কেল, ধী-লার্ন অ্যাকাডেমি এবং চেকমেট কেরিয়ার সহ বহু বিশিষ্ট শিক্ষক। তাঁদের প্রত্যক্ষ সহযোগিতায় প্রকাশিত হয়েছে ট্যালেন্ট সার্চের তিনটি অনুশীলন বই এবং নিখুঁত ও প্রশ্নপত্র ও সার্বিক মূল্যায়ন পর্ব। এদিনের এই পুরস্কার বিতরণী মঞ্চেও কৃতীদের উৎসাহিত করতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ড.মোহাম্মদ সাদেকুল ইসলাম, শিক্ষক ও অনুসন্ধান সোসাইটির সম্পাদক গৌরাঙ্গ সরখেল, শিক্ষক সাহাবুল ইসলাম গাজী প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সুচারু ও অনবদ্য সঞ্চালনা করেন তামীম ইসলাম এবং সোহেল ইকবাল।

শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়াতে আগামী ১৫ নভেম্বর কৃতী ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি বিশেষ কাউন্সেলিং এবং হাতে-কলমে মজার বিজ্ঞানের এক্সপেরিমেন্টের আয়োজন করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে ‘ইগনাইট দ্য ইয়ং মাইন্ডস’

এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকেই আগামী বছরের পরীক্ষাসূচিও ঘোষণা করে দেওয়া হয়। জানানো হয়, আগামী বছর ২২ আগস্ট এই মেধা অন্বেষণ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর এই ঘোষণার মধ্য দিয়েই রবিবার থেকে যেন শুরু হয়ে গেল আগামী বছরের প্রতিযোগিতার প্রস্তুতি পর্ব।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ