সৎ মায়ের মারে চার বছরের শিশুকন্যার মৃত্যু, গ্রেফতার অভিযুক্ত — ফাঁসির দাবিতে ক্ষোভে ফুঁসছে সাগরপাড়া
এস রোজলিন:কলকাতা:চার বছরের এক শিশুকন্যাকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল সৎ মায়ের বিরুদ্ধে। ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার কাটাবাড়ি সরকারপাড়া এলাকায়। ঘটনায় গ্রেফতার করা হয়েছে সৎ মা মৌসুমি খাতুনকে। মৃত ওই শিশুর নাম ফারজানা খাতুন। ঘটনায় ক্ষুব্ধ এলাকার সাধারণ মানুষ। অভিযুক্ত সৎ মায়ের ফাঁসির দাবি জানানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিশুর বাবা কর্মসূত্রে কেরালায় থাকেন। শিশুর জন্মদাত্রী মা বছর তিনেক আগে বাড়ি ছেড়ে চলে গিয়ে অন্যত্র সংসার পাতে। এরপর শিশুর বাবা মৌসুমিকে বিয়ে করেছিলেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ফারজানার ওপর অকথ্য শারীরিক ও মানসিক অত্যাচার চালাত সৎ মা মৌসুমি খাতুন। ঠিকমতো খেতে দিত না, স্কুলেও যেতে দিত না। মারধরও করা হত বলে অভিযোগ। শনিবার রাতেও শিশুটিকে মারধর করা হয়েছিল বলে প্রাথমিক অনুমান। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সাগরপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর দেওয়া হয় পুলিশে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। অভিযুক্ত সৎ মা-কে গ্রেফতার করা হয়েছে।
ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে অভিযুক্তের ফাঁসির দাবি জানিয়েছেন মৃত শিশুর আত্মীয় ও প্রতিবেশীরা। মৃত শিশুর আত্মীয় নুরেফা বিবি কান্নায় ভেঙে পড়ে বলেন, “সৎ মা প্রতিদিন শিশুটির ওপর অত্যাচার করত। ঠিকমতো খেতে দিত না, মারধর করত। বাচ্চা যাতে কাঁদতে না পারে সেজন্য মুখ চেপে ধরত। আমরা প্রতিবাদ করতে গেলে উল্টে ঝগড়া করত। গোটা দিন বাচ্চাটাকে ঘরে ফেলে রাখত, কাউকে দেখতে দিত না।” তিনি আরও বলেন, “এদিন সকালে গিয়ে দেখি বাচ্চাটা প্রায় নিস্তেজ অবস্থায় পড়ে আছে, গায়ে একাধিক আঘাত ও ক্ষতের দাগ রয়েছে। ওর মা কাউকে কিছু না জানিয়ে বাচ্চাটাকে ধরে দাঁড়িয়েছিল। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার জানায় ও মারা গিয়েছে।”

