কলকাতা 

আর জি কর কাণ্ডে দ্রুত ন্যায়বিচার মিলবে জানালেন স্বাস্থ্যমন্ত্রী

শেয়ার করুন

আরজি কর হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসক-পড়ুয়াকে ধর্ষণ ও খুন এবং দুর্নীতির ঘটনার সত্য উদ্ঘাটনে রাজ্যের স্বাস্থ্য দফতরের গঠন করা কমিটির প্রথম বৈঠক হল বৃহস্পতিবার। অবসরপ্রাপ্ত বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়ের নেতৃত্বে এই কমিটিতে রয়েছেন রাজ্যের প্রাক্তন স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য, ফরেনসিক বিশেষজ্ঞ তাপস বসু, জগদ্দলের বিজেপি বিধায়ক রাজেশ কুমার, উত্তরপাড়ার বিজেপি বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী।

তদন্ত সংক্রান্ত বিষয়ে অভিজ্ঞতার জন্য দুই বিজেপি বিধায়ককে কমিটিতে রাখা হয়েছে বলে মত স্বাস্থ্যভবনের। রাজেশ অবসরপ্রাপ্ত আইপিএস এবং দীপাঞ্জন কমান্ডো বাহিনী এনএসজির প্রাক্তন সদস্য। আরজি কর হাসপাতালে সন্দীপ ঘোষের আমলে যে দুর্নীতির অভিযোগ উঠেছিল, চিকিৎসক তরুণীর মৃত্যুতে তার কোনও যোগসূত্র ছিল কি না, সে বিষয়ে এই কমিটি অনুসন্ধান করবে বলে খবর। গত ২৯ অগস্ট স্বাস্থ্য-শিক্ষা দফতরের অধিকর্তা এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলেন।

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় বৃহস্পতিবার বলেন, ‘‘অভয়ার সঙ্গে ঘটে যাওয়া নৃশংস ঘটনা বাংলার মানুষকে গভীর ভাবে নাড়িয়ে দিয়েছে। ঘটনার প্রকৃত সত্য সামনে আনার লক্ষ্যে একটা স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভয়ার পরিবার এবং সমগ্র চিকিৎসক সমাজের পাশে আমরা রয়েছি। কোন‌ও আপস ছাড়া দ্রুত ন্যায়বিচার হবে। নিরপেক্ষ বিচার হবে।’’ প্রসঙ্গত, গত ৯ অগস্ট আরজি করের চিকিৎসক-পড়ুয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে একটি স্মরণসভার আয়োজন করা হয়েছিল উত্তর ২৪ পরগনার পানিহাটির লোকসংস্কৃতি ভবনে। মৃতার মা-বাবা ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই স্মরণসভায় আরজি করের তদন্তপ্রক্রিয়া নিয়ে শুভেন্দু জানিয়েছিলেন, বিশেষ কমিটি গঠন করে ব্যারাকপুরের পুলিশ কমিশনার নতুন একটি মামলা রুজু করে তদন্ত শুরু করবেন। তার আগে ৮ অগস্ট স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত জানিয়েছিলেন, এ বিষয়ে পৃথক তদন্ত করা হবে তাঁর দফতরের তরফে।

স্বাস্থ্যমন্ত্রী সে দিন ঘোষণা করছিলেন, ওই ঘটনার তদন্ত করবেন স্বাস্থ্য দফতরের আধিকারিকেরা। তদন্ত শেষে যা উঠে আসবে, তা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জানানো হবে। নির্যাতিতার শিক্ষকদের কথাও শুনবেন স্বাস্থ্য আধিকারিকেরা।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ