খুনের মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা ঘুষ দাবি! তিন বছর জেলের সাজা সিবিআই অফিসারের
ঘুষ চাওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হলেন প্রাক্তন সিবিআই অফিসার। তবে জেলের সাজাঘোষণার পরে মঞ্জুর হল জামিনের আবেদনও!
খুনের মামলায় ফাঁসিয়ে দেওয়ার নাম করে ২০০৮ সালে ৫০ হাজার টাকা চাওয়ার অভিযোগ উঠেছিল সিবিআইয়ের তৎকালীন ডেপুটি সুপার পার্থসারথি বসুর বিরুদ্ধে। সেই মামলায় বৃহস্পতিবার রায় দিলেন আলিপুর বিশেষ আদালতের বিচারক সুজিতকুমার ঝা। প্রাক্তন সিবিআই অফিসারের তিন বছরের জেল এবং জরিমানার আদেশ দিয়েছেন বিচারক। সাজা ঘোষণার পরেই বৃহস্পতিবার জামিনের আবেদন করেন পার্থ। সেই আবেদন মঞ্জুর করেছে আদালত।
১৭ বছর আগে পার্থের বিরুদ্ধে বিটি রোডের বাসিন্দা অবতার সিংহ অভিযোগ জানিয়েছিলেন। তিনি অভিযোগপত্রে দাবি করেছিলেন, সেই সময় সিবিআইয়ের তদন্তাধীন মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা ঘুষ চেয়েছিলেন পার্থ। ঘুষের টাকা না দিলে খুনের মামলায় তাঁকে ফাঁসানোর হুমকিও দেন অভিযুক্ত। সেই সময় একটি হত্যা মামলার তদন্ত করছিলেন পার্থ। ঘুষের টাকা পেতে বারবার ভয় দেখানো হয়েছিল বলে অভিযুক্ত দাবি করেন। এমনকি, হত্যার মামলায় গ্রেফতার করে আবতারকে গুয়াহাটি নিয়ে চলে যাওয়া হবে বলেও ভয় দেখানো হয়েছিল। আদালত সব পক্ষের বক্তব্য শুনে এবং পারিপার্শ্বিক তথ্যপ্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত করেছে পার্থকে।
সৌজন্যে ডিজিটাল আনন্দবাজার।

