কলকাতা 

অভিষেকের পর এবার ডেরেককে ক্যামাক স্ট্রীট কাণ্ডে নোটিশ দিল পুলিশ

শেয়ার করুন

ক্যামাক স্ট্রিট কাণ্ডে গতকালই তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে গিয়ে হাজিরার নোটিস দিয়েছে পুলিশ (Abhishek Banerjee police summon)। এবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনের (Derek O’Brien) প্রিন্স আনোয়ার শাহ রোডের বাড়িতেও পৌঁছল শেকসপিয়ার থানার পুলিশ। আগামীকাল অর্থাৎ সোমবার দুপুর বারোটায় হাজিরার নোটিস (Derek O’Brien police summon) দেওয়া হয়েছে তাঁকে।

জানা গিয়েছে, গতকালও পুলিশ গিয়েছিল তাঁর বাড়িতে, কিন্তু কোনওরকম নোটিস গ্রহণ করার নির্দেশ ছিল না নিরাপত্তারক্ষীর কাছে। তাই কাল নোটিস দিতে পারেনি পুলিশ। তবে আজ তৃণমূলের রাজ্যসভার সাংসদের কথামতোই নোটিসটি সই করে নিয়েছেন তাঁর বাড়ির নিরাপত্তারক্ষী।

প্রসঙ্গত, আজ যখন হাজিরার নোটিস দিতে যায় পুলিশ, বাড়িতে ছিলেন না ডেরেক। তিনি কোথায়, সেই ব্যাপারে কিছু জানাতে পারেননি নিরাপত্তারক্ষী। এই বাড়িতেই সপরিবারে থাকেন রাজ্যসভার সাংসদ।

ঠিক কী কারণে হাজিরার এই তলব, তাও স্পষ্ট করে জানানো হয়েছে পুলিশি নোটিসে। গত ২৭ অগস্ট তৃণমূলের ক্যামাক স্ট্রিটের অফিসে বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে যে ঝামেলা হয়েছিল, সেখানেই ঘটা কিছু ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে ডেরেকের নামে। পুলিশ এবং পুরপ্রতিনিধিদের কাজে বাধা দেওয়া, ধাক্কাধাক্কির মতো একাধিক অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় সেই সময় বেশ কিছু লাইভ চলছিল, তাই সমস্ত তথ্যপ্রমাণের ভিডিও ফুটেজও রয়েছে তাদের হাতে বলে জানিয়েছে পুলিশ।

দুদিন আগে কোনও প্রকার আগাম লিখিত নোটিস বা বৈধ অর্ডারের কপি না দেখিয়েই পুরসভার হোর্ডিং ও ব্যানার সরানোর প্রক্রিয়াকে কেন্দ্র করে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে পুলিশের প্রবেশাধিকার নিয়ে তৈরি হয় অচলাবস্থা। পুলিশকর্মীদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন উপস্থিত তৃণমূলকর্মীরা। সেই সময় পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে হাজির হন রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনও। পুলিশের উপস্থিতিতেই পুরসভার কর্মীরা গ্যাস কাটার এবং অন্যান্য সরঞ্জাম নিয়ে ছাদের ওপরে উঠে বেআইনি হোর্ডিং খুলে ফেলেন। প্রশাসন সূত্রে দাবি করা হয়, অফিস চত্বরজুড়ে বহু বেআইনি ব্যানার ও বিজ্ঞাপনের হোর্ডিং মজুত করা ছিল।

থানায় হাজিরার নোটিস নিয়ে শনিবার রাতে অভিষেকের কালীঘাটের বাড়িতেও যায় শেকসপিয়ার সরণি থানার পুলিশ। সঙ্গে ছিল কালীঘাট থানার পুলিশও। নোটিস গ্রহন করা হয়েছে বলে খবর। ১ সেপ্টেম্বর, মঙ্গলবার বেলা ১২টায় শেকসপিয়ার সরণি থানায় হাজিরার জন্য তলব করা হয়েছে তাঁকে।

প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) রাজনৈতিক কার্যালয় নিয়ে আইনি ও প্রশাসনিক জটিলতা মাথাচাড়া দিয়েছে। আদালতের নির্দেশ বা মালিকপক্ষের অনুমতি ছাড়াই জোর করে ওই সম্পত্তির একাংশ দখল করে রাখার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে দলের বিরুদ্ধে। যার জেরে আইনি পদক্ষেপের পথে হাঁটার হুঙ্কার দিয়েছে স্বয়ং বাড়ির মালিকপক্ষ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ