কলকাতা 

টানা বৃষ্টিতে কলকাতায় ভেঙে পড়ল বহুতলের একাংশ, চাপা পড়ে মৃত ১,

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : টানা ভারী বৃষ্টিতে মঙ্গলবার সাতসকালে কলকাতায় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মহিলা। জোড়াবাগানের (Jorabagan news) ব্রজদুলাল স্ট্রিটে ২০০ বছরের পুরনো ও বিপজ্জনক একটি তিনতলা বাড়ির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে (Kolkata old building collapse)। এই দুর্ঘটনায় ধ্বংসস্তূপে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ঊর্মিলা সাউ নামের এক মহিলার। ঘটনার সময় বাড়িতে থাকা অন্য ১৯ জন বাসিন্দা আটকে পড়লেও দ্রুত উদ্ধারকাজ শুরু হওয়ায় বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটে ভোর চারটে নাগাদ, ৩১ নম্বর ব্রজদুলাল স্ট্রিটের ওই পুরনো বাড়িতে। প্রত্যক্ষদর্শীদের মতে, ভোরবেলা বাড়ি থেকে বাইরে বেরোতেই বাড়িটির একটি ঝুলন্ত অংশ ভেঙে ঊর্মিলা সাউয়ের মাথার উপর পড়ে। বিকট শব্দ পেয়ে আশেপাশের মানুষজন ছুটে আসেন। দেখা যায়, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছেন ওই মহিলা এবং বাড়ির পিছনের অংশে আটকা পড়েছেন বাকি বাসিন্দারা।

প্রশাসনের পৌঁছনোর আগেই স্থানীয় বাসিন্দারাই উদ্ধারকাজে হাত লাগান। বাড়ির পিছনের সরু গলি ও একমাত্র সংকীর্ণ গেট ব্যবহার করে তাঁরা একে একে ১৬ জন আটকে পড়া বাসিন্দাকে সুরক্ষিতভাবে বের করে আনেন। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে মৃতার স্বামী ও দুই সন্তানও রয়েছেন। পরবর্তীতে ঘটনার খবর পেয়ে দ্রুত পৌঁছয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF)। তারা বাকিদের উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রের খবর, কলকাতা পুরসভা ইতিমধ্যেই এই তিন তলা বাড়িটিকে অত্যন্ত বিপজ্জনক ও পরিত্যক্ত ঘোষণা করেছিল। তবুও ঝুঁকি নিয়েই সেখানে থাকছিল পরিবারগুলি। স্থানীয় বাসিন্দাদের দাবি, এর আগেও বাড়িটির কিছু অংশ ভেঙে পড়েছিল, যা সাময়িকভাবে মেরামত করা হয়। বাড়িটির মালিক ও ভাড়াটেদের মধ্যে দীর্ঘদিন ধরে চলা আইনি ও ভাড়াসংক্রান্ত বিরোধের কারণে স্থায়ী সংস্কার সম্ভব হয়নি। ফলে বছরের পর বছর ধরে বাড়িটির জরাজীর্ণ একাংশ বিপজ্জনকভাবে ঝুলে ছিল, যা গত দু’দিনের টানা বৃষ্টিতে জল জমে অবশেষে ভোরে ধসে পড়ে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ