প্রতি বছর এক কোটি তরুণ তরুণীকে এআই প্রশিক্ষণ দেওয়া হবে লালকেল্লা থেকে ঘোষণা নরেন্দ্র মোদির
বাংলার জনরব ডেস্ক : প্রত্যাশা মত স্বাধীনতা দিবসের ভাষণে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তরুণ প্রজন্মকে বিশেষ বার্তা দিয়েছেন। প্রতিবছর এক কোটি তরুণ প্রজন্মকে এআই প্রশিক্ষণ দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। আজ সকালে তিনি মহাত্মা গান্ধীর সমাধিতে যান সেখানে প্রদান করার পর লালকেল্লায় ফিরে আসেন লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলনের পর দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে তরুণ সমাজের উপর আস্থা জ্ঞাপন করে বলেন,দেশকে নিয়ে তিনি যে স্বপ্ন দেখেছেন, তা সত্যি করার জন্য তরুণ প্রজন্মের উপর ভরসা রাখা হয়েছে। তারাই ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ সম্ভব করে তুলতে পারে। যুবসমাজের জন্য বিশেষ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রশিক্ষণের কথাও ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।
প্রতি বছর স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী লালকেল্লা থেকে দেশবাসীর উদ্দেশে ভাষণ দেন। এই নিয়ে টানা ১৩ বার মোদী স্বাধীনতা দিবসের ভাষণ দিলেন। শনিবার দেশ জুড়ে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। এ বারের লালকেল্লার অনুষ্ঠানের থিম ‘যুবশক্তি’ এবং ‘বিকশিত ভারত’। অর্থাৎ, তরুণ প্রজন্মকে প্রাধান্য দিয়েই স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পরিকল্পনা করা হয়েছে। সেখান থেকে মোদী বলেন, ‘‘আমাদের দেশের তরুণ প্রজন্মের উপর আমার ভরসা আছে।’’ বিকশিত ভারতের স্বপ্ন সফল করার জন্য দেশের নারীশক্তি, কৃষক, শ্রমিক সকলের সহযোগিতাই চেয়েছেন তিনি। তবেই ২০৪৭ সালের মধ্যে দেশকে ভিন্ন উচ্চতায় পৌঁছে দেওয়া যাবে। দ্রুত অগ্রগতি এবং ‘আত্মনির্ভর ভারত’ পরিকল্পনার উপরেও প্রধানমন্ত্রী জোর দিয়েছেন।
যুবসমাজের জন্য নতুন প্রকল্প ঘোষণা করতে গিয়ে মোদী জানান, বিশ্ব জুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ঝড়ের গতিতে প্রভাব বিস্তার করছে। তাই তরুণদের এ বিষয়ে দক্ষ হয়ে ওঠা প্রয়োজন। এ বার থেকে তাই দেশের এক কোটি যুবক-যুবতীতে প্রতি বছর বিশেষ এআই প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করছে সরকার। মোদী জানান, দেশ গঠনে তরুণ প্রজন্মের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের শক্তি উন্নয়নের প্রক্রিয়ায় কাজে লাগানো হবে। দেশের উচ্চাকাঙ্ক্ষাকে একমাত্র তরুণরাই সফল করতে পারে বলে মনে করেন প্রধানমন্ত্রী।
এ বছর জাতীয় গান ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পালিত হচ্ছে। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে লালকেল্লায় এই প্রথম গানটি গাওয়া হল। তার পর গাওয়া হয় জাতীয় সঙ্গীত। স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লায় দর্শকাসনে তরুণ প্রজন্মের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
কিছু দিন আগে এই লালকেল্লাতেই নিটের প্রশ্নফাঁস এবং শিক্ষায় দুর্নীতির অভিযোগে সরকারের বিরুদ্ধে প্রতিবাদে শামিল হয়েছিল তরুণ প্রজন্ম। ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে লালকেল্লায় দীর্ঘদিন অবস্থান বিক্ষোভ চলেছে। সংসদ ভবন অভিযানেও বহু তরুণ-তরুণী যোগ দিয়েছিলেন। আন্দোলনের চাপে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে হয় ধর্মেন্দ্র প্রধানকে। সেই সময়ে বার বার সমাজমাধ্যমে ভিডিয়োবার্তার মাধ্যমে যুবসমাজের পাশে থাকার কথা বলেছিলেন মোদী। স্বাধীনতা দিবসের উদ্যাপনের কেন্দ্রেও রাখা হল সেই প্রজন্মকেই।

