বিধানসভায় পাস হল কলকাতা পুরসভা সংশোধনী বিল, ১৪৪ থেকে বেড়ে ২০৯ হল ওয়ার্ড
বিধানসভায় পাস হল কলকাতা পুরসভা সংশোধনী বিল। এর মাধ্যমে কলকাতায় ওয়ার্ড সংখ্যা বেড়ে ২০৯ করার ছাড়পত্র মিলল। একই সঙ্গে ধ্বনিভোটে পাস হয়েছে হাওড়া পুরসভা সংশোধনী বিলও। এই সংশোধনী বিলের মাধ্যমে হাওড়া থেকে আলাদা করা হচ্ছে বালিকে। পাশাপাশি হাওড়ার ওয়ার্ড সংখ্যাও বৃদ্ধি করা হচ্ছে।
কলকাতা পুরসভায় বর্তমানে ১৪৪টি ওয়ার্ড রয়েছে। সংশোধনী বিলে তা বাড়িয়ে ২০৯ করার কথা বলা হয়েছে। হাওড়াতে বর্তমানে রয়েছে ৫০টি ওয়ার্ড। তা-ও বাড়িয়ে ৬৮ করা হচ্ছে। দুই পুর এলাকা মিলিয়ে মোট ৮৩টি ওয়ার্ড বৃদ্ধি করা হচ্ছে দুই সংশোধনী বিলে।
তবে কালীঘাটপন্থী তৃণমূলের দাবি, সংশোধনী বিলে কলকাতায় ২০৯ ওয়ার্ডেই ভোট হবে কি না, তা নির্দিষ্ট ভাবে উল্লেখ নেই। তা নিয়ে বিধানসভায় সংশয় প্রকাশ করেন শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর প্রশ্ন, তা হলে কি ১৪৪টি ওয়ার্ড ভোট হবে এবং বাকি ওয়ার্ডগুলিতে মনোনীত কাউকে বসানো হবে? যদিও পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, মনোনীত কাউকে বসানোর কোনও প্রশ্ন নেই। বিলে এমন কোনও বিষয়ের উল্লেখ নেই বলেও জানান তিনি।

