প্রচ্ছদ 

অভিষেকের বিদেশ যাত্রায় ছাড়পত্র দিল সুপ্রিম কোর্ট! মামলা থাকলেই অনুমতি আটকানো যায় না

শেয়ার করুন

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি জয়মাল্য বাগচীর পর্যবেক্ষণ, তিন সপ্তাহের জন্য তিনি বিদেশে গিয়ে চিকিৎসা করাতে পারবেন এবং তাঁর বিদেশযাত্রায় কোনও প্রতিবন্ধকতা তৈরি করা যাবে না। আগামী তিন সপ্তাহ অভিষেকের বিদেশযাত্রায় কোনও বাধা দেওয়া যাবে না।

বিদেশে যেতে চেয়ে কলকাতা হাই কোর্টে যে মামলা করেছিলেন অভিষেক, তা খারিজ হয়ে যায়। তার পরেই ৭ অগস্ট গভীর রাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ডায়মন্ড হারবারের সাংসদ। সোমবার বিচারপতি জয়মাল্য বাগচীর পর্যবেক্ষণ, শুধুমাত্র অভিষেকের বিরুদ্ধে মামলা রয়েছে বলেই তাঁকে বিদেশে চিকিৎসা পরিষেবা নিতে বাধা দেওয়া যায় না। একজন ব্যক্তির বিদেশে যাওয়ার এবং নিজের পছন্দমতো চিকিৎসা করানোর অধিকার রয়েছে।

বুধবার হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ চোখের চিকিৎসার জন্য অভিষেককে বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি। বিচারপতি জানান, চিকিৎসা সংক্রান্ত মতামত নেওয়ার জন্য বৃহস্পতিবার অভিষেককে এসএসকেএম হাসপাতালে যেতে হবে। সেখানকার চক্ষু বিভাগের প্রধান একটি মেডিক্যাল বোর্ড গঠন করে অভিষেকের বিদেশযাত্রার প্রয়োজনীয়তার দিকটি খতিয়ে দেখবেন। কিন্তু অভিষেকের আইনজীবী আদালতে জানিয়ে দেন যে, তাঁর মক্কেল এসএসকেএম-এ যাবেন না। তার পর নির্দেশ দিতে গিয়ে পুরো মামলাই খারিজ করে দেন বিচারপতি ভট্টাচার্য।

চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি নিয়ে তার দু’দিন আগে, গত সোমবার শুনানি হয়েছিল শীর্ষ আদালতে। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ মামলাটি আবার হাই কোর্টেই ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়। সাত দিনের মধ্যে অভিষেকের আর্জির নিষ্পত্তি করতে বলেছিল শীর্ষ আদালত। সেইমতো বুধবার এই মামলার শুনানি হয় হাই কোর্টে। তবে হাই কোর্টে অভিষেককে বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি। উচ্চ আদালত মামলা খারিজ করার পর একই আর্জি নিয়ে শীর্ষ আদালতে গিয়েছিলেন অভিষেক। সেখানেই মিলল অনুমতি।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ