কলকাতা 

পার্কিংয়ের নাম করে তোলাবাজি বন্ধ করতে চাই বিজেপি সরকার, ক্যাশলেস পার্কিংয়ের ব্যবস্থা!

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : পার্কিংয়ের নাম করে কলকাতা শহরের এলাকায় যে তোলাবাজি এতদিন ধরে চলছিল তা বন্ধ করার উদ্যোগ নিল বর্তমান বিজেপি সরকার। পার্কিং ব্যবস্থায় সম্পূর্ণ স্বচ্ছতা ফেরাতে খুব শীঘ্রই কলকাতায় অ্যাপ-নির্ভর ডিজিটাল পার্কিং চালু হতে চলেছে। মঙ্গলবার এই সিদ্ধান্তের কথা স্পষ্ট জানিয়ে দিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। তিনি সাফ জানিয়ে দেন, পার্কিং ফি নিয়ে কোনও রকম দুর্নীতি বা বেনিয়ম সহ্য করা হবে না।

কলকাতায় মোট কতগুলি বৈধ পার্কিং স্পট রয়েছে এবং সেগুলিকে কীভাবে নজরদারির আওতায় আনা হবে, তার একটি স্পষ্ট রূপরেখা দেন মন্ত্রী। অগ্নিমিত্রা পাল জানান, পুলিশ কেএমসি-র (KMC) অধীনে প্রায় ১৫ হাজার পার্কিং জায়গা চিহ্নিত করেছে। যার মধ্যে বর্তমানে ৯ হাজার থেকে ১০ হাজার জায়গা কেএমসি-র তালিকায় রয়েছে। বাকি কোন কোন জায়গা তালিকায় নেই, তা খতিয়ে দেখতে টিম বসবে। শহরজুড়ে সমস্ত পার্কিংকে দ্রুত তালিকার আওতায় আনা হবে।

এদিকে, পার্কিং কর্মীদের বেআইনি জুলুম বন্ধ করতে একগুচ্ছ নতুন নিয়ম চালু করা হচ্ছে।

অ্যাপ-নির্ভর পেমেন্ট: পেমেন্ট ব্যবস্থার জন্য একটি বিশেষ অ্যাপ তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশকে। সমস্ত পার্কিং ফি কেবল এই অ্যাপের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে মেটাতে হবে, কোনও নগদ (Cash) লেনদেন চলবে না।

বিশেষ পোশাক ও ছবিসহ আইডি কার্ড: প্রতিটি পার্কিং পয়েন্টে থাকা কর্মীদের নির্দিষ্ট পোশাক (Costume) ও ছবিসহ অরিজিনাল পরিচয়পত্র পরা বাধ্যতামূলক।

রেট চার্ট বোর্ড: প্রতিটি চিহ্নিত পার্কিং এলাকায় বড় করে ফি সংক্রান্ত তালিকা বা বোর্ড থাকবে। কোন গাড়ির জন্য ঘণ্টাপিছু কত টাকা চার্জ তা স্পষ্ট লেখা থাকবে।

নিয়ম ভেঙে ফুটপাতে গাড়ি দাঁড় করিয়ে রাখা নিয়ে সাধারণ মানুষের মানসিকতা নিয়েও এদিন ক্ষোভ প্রকাশ করেন পুরমন্ত্রী। তিনি বলেন, “প্রতিদিন আমাকে গিয়ে চিৎকার করতে হচ্ছে যে ফুটপাতে কেন গাড়ি রাখছেন! আমি তো বুঝতে পারছি না মানুষ কেন ফুটপাতে গাড়ি রাখবেন? কিছুটা টাকা খরচ করে নির্দিষ্ট পার্কিংয়ে গাড়ি রাখুন। যেদিকে পার্কিং করার অনুমতি আছে, প্রয়োজনে পুলিশকে জিজ্ঞেস করে সেখানেই গাড়ি রাখা উচিত।”

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ