কলকাতা মাদ্রাসায় দানবীর হাজী মোহাম্মদ মহসিনের ১৬৫তম জন্মজয়ন্তী উদযাপন : উদ্বোধন হল মহসিন অডিটোরিয়াম
মানবেন্দ্র রায় : শিক্ষানুরাগী ও মহান দানবীর হাজী মোহাম্মদ মহসিনের ১৬৫তম জন্মদিনকে স্মরণীয় করে রাখতে কলকাতা মাদ্রাসা অ্যাংলো-পার্সিয়ান (এপি) ডিপার্টমেন্টের উদ্যোগে শনিবার এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হল। এদিনের সভার মূল আকর্ষণ ছিল বিশিষ্ট সাহিত্যিক, নাট্যকার ও শিক্ষাবিদ জাহির আনোয়ার কর্তৃক ‘মহসিন অডিটোরিয়াম’ সভাগৃহের আনুষ্ঠানিক উদ্বোধন। শিক্ষা, সমাজসেবা ও সমাজ সংস্কারে হাজী মোহাম্মদ মহসিনের অবিস্মরণীয় অবদানকে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ তাজদার আলী মির্জা এবং সূচনা বক্তব্য পেশ করেন সাঞ্জার হেলাল ভারতী। এরপর বিশিষ্ট শিক্ষাবিদ জাহির আনোয়ারের সভাপতিত্বে হাজী মোহাম্মদ মহসিনের জীবন দর্শন, প্রেরণা এবং শিক্ষা বিস্তারে তাঁর ঐতিহাসিক দানের ওপর বিস্তারিত আলোকপাত করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
সভায় বক্তব্য রাখেন: ডঃ ওমর গাজালি (অধ্যাপক, হুগলি মহসিন কলেজ), ডঃ ইমতিয়াজ ওয়াহিদ (অধ্যাপক, কলকাতা বিশ্ববিদ্যালয়), ডঃ গাজালা ইয়াসমিন (অধ্যাপিকা, আলিয়া বিশ্ববিদ্যালয়), নায়ীমুল হক (বিশিষ্ট গণিত শিক্ষক ও লেখক), অরিত্র রায় বর্মন (গবেষক, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়), নায়িমা আহমেদ (গবেষিকা, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়)।
সমগ্র অনুষ্ঠানটির কার্যক্রম অত্যন্ত সুচারুরূপে সঞ্চালনা করেন শিক্ষক আবিদ হোসেন। শিক্ষক, শিক্ষাকর্মী ও ছাত্র-ছাত্রীদের পাশাপাশি সমাজের বহু গণ্যমান্য ব্যক্তিদের উপচে পড়া উপস্থিতি এদিন সভাকক্ষটিকে প্রাণবন্ত করে তোলে।
ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও প্রস্তাবনাসমূহ অনুষ্ঠানের শেষ পর্বে হাজী মোহাম্মদ মহসিনের স্মৃতি ও আদর্শকে বাঁচিয়ে রাখতে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রতি বছর ১ আগস্ট আনুষ্ঠানিকভাবে ‘মহসিন দিবস’ পালন করা হবে এবং সপ্তাহব্যাপী বিভিন্ন শিক্ষামূলক কর্মসূচি নেওয়া হবে। মহসিনের নামাঙ্কিত বিশেষ কর্মসূচির মাধ্যমে প্রাথমিক শিক্ষায় উৎকর্ষ আনার উদ্যোগ নেওয়া হবে। এছাড়াও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্র-ছাত্রীদের জন্য মোটিভেশনাল ক্যাম্প এবং অভিভাবকদের জন্য বিশেষ কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হবে।

