ঐতিহ্যের ৭৫ বছর : গৌরবময় পথচলায় ‘সাহিত্য সংসদ’
নায়ীমুল হক: ‘১৯৫১ থেকে ২০২৬’— দেখতে দেখতে দীর্ঘ ৭৫টি গৌরবময় বছর পার করল বাংলার অন্যতম শীর্ষস্থানীয় ও ঐতিহ্যবাহী প্রকাশনা সংস্থা ‘সাহিত্য সংসদ’। পথচলার প্রথম দিন থেকেই যে গুণমান, ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধন তারা তৈরি করেছিল, আজ প্রকাশনা জগতের আঙিনায় তা এক অনন্য দৃষ্টান্ত।
সংস্থার প্রতিষ্ঠাতা, প্রয়াত মহেন্দ্র দত্ত মহাশয়ের আদর্শ ও দূরদর্শিতাকে বুকে নিয়ে আজ এই প্রকাশনা সংস্থাকে যথাযোগ্য মর্যাদায় এগিয়ে নিয়ে চলেছেন তাঁর সুযোগ্য পুত্র দেবজ্যোতি দত্ত। ব্যবসার ঊর্ধ্বে উঠে সাহিত্য ও সংস্কৃতির সেবা করার যে পারিবারিক ঐতিহ্য, তা আজও অমলিন।

আজ শনিবার সংসদের শিয়ালদহের মূল কার্যালয়ে বসেছিল এক চাঁদের হাট। প্রকাশনা সংস্থার এই ঐতিহাসিক ৭৫ বছর পূর্তি (প্লাটিনাম জুবিলি) উৎসবকে কেন্দ্র করে জড়ো হয়েছিলেন বাংলার সংস্কৃতি ও বুদ্ধিজীবী জগতের বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে উপস্থিত থেকে স্মৃতিরোমন্থন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন প্রখ্যাত নাট্য সমালোচক ও গবেষক শমিক বন্দ্যোপাধ্যায়, অমিতাভ রায়, সমীর গোস্বামী, বিশিষ্ট চিত্রশিল্পী গৌতম চট্টোপাধ্যায়, আশীষ দত্ত, অলয় ঘোষাল এবং গৌতম বাগচী সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রের গুণী মানুষেরা।
দিনটিকে স্মরণীয় করে রাখতে নানা বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সাহিত্য সংসদের শুরুর দিন থেকে আজ পর্যন্ত দীর্ঘ ৭৫ বছরের বিবর্তনের ইতিহাস, দুর্লভ আলোকচিত্র এবং নানা ঐতিহাসিক মুহূর্ত এক চিত্রাবলীর মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়। এছাড়াও সংসদের এই দীর্ঘ ও গৌরবময় পথচলার ইতিহাসকে সুসংবদ্ধ করে একটি অত্যন্ত মূল্যবান পুস্তক প্রকাশ করা হয়, যা উপস্থিত সুধীজনদের বিশেষভাবে আকৃষ্ট করে।বাঙালি পাঠকের হৃদয়ে স্থান করে নেওয়া ‘সাহিত্য সংসদ’ আগামী দিনেও তাদের এই সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং মানসম্পন্ন বই প্রকাশের ঐতিহ্য বজায় রাখবে, ৭৫ পূর্তির এই শুভক্ষণে এটাই সকলের প্রত্যাশা।

