সন্তানের সুশিক্ষা নিশ্চিতকরণে মালদহে শিক্ষক-অভিভাবক আলোচনাসভা, কেন্দ্রবিন্দুতে মোস্তাক হোসেন ট্যালেন্ট সার্চ
মালদহ: বর্তমান যুগে সন্তানদের কেবল বিদ্যালয়ে পাঠিয়ে দিলেই প্রকৃত শিক্ষা সম্পূর্ণ হয় না, বরং তাদের সার্বিক চরিত্র গঠন ও সুশিক্ষা দানে অভিভাবকদের আরও বেশি দায়িত্বশীল হতে হবে। এই জ্বলন্ত বিষয়টিকেই মূল ভাবনা করে মালদহে অনুষ্ঠিত হয়ে গেল শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের নিয়ে একটি বিশেষ আলোচনাসভা।
রবিবার উত্তরবঙ্গের বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষাব্রতী মোস্তাক হোসেন নামাঙ্কিত ‘ট্যালেন্ট সার্চ পরীক্ষা’ উপলক্ষে এই মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেছিল ‘বেস এডুকেশনাল হাব’।অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণ দেন বেস আন-নূর মডেল স্কুলের প্রতিষ্ঠাতা সম্পাদক খাদেমুল ইসলাম। তিনি অভিভাবকদের উদ্দেশে একটি বিশেষ বার্তা পৌঁছে দিয়ে বলেন, “সন্তানকে কেবল বিদ্যালয়ের চৌকাঠে পৌঁছে দিলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। তার আচার-ব্যবহার, নীতি-নৈতিকতা, পড়াশোনার অগ্রগতি এবং সে কোন বিষয়ে বিশেষ দক্ষতা অর্জন করছে—এই সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো অভিভাবকদেরই কড়া নজরে রাখতে হবে।”অনুষ্ঠানে জানানো হয়, ‘অনুসন্ধান সোসাইটি’-র সহযোগিতায় এবং বিশিষ্ট শিক্ষাবিদদের তত্ত্বাবধানে এই ট্যালেন্ট সার্চ পরীক্ষার একটি ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। গত বছর উত্তরবঙ্গ থেকে প্রায় ১০ হাজার ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশ নিয়েছিল। এবারও এই শিক্ষামূলক বার্তাটি প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে উদ্যোগী হয়েছেন আয়োজকেরা।
ইতিমধ্যেই মালদহ, মুর্শিদাবাদ, দিনাজপুরসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার প্রধান শিক্ষক ও গুণীজনেরা এই উদ্যোগে শামিল হয়েছেন এবং নিজেদের বিদ্যালয়ে এই পরীক্ষা আয়োজনের বিষয়ে গভীর উৎসাহ দেখিয়েছেন।সম্পাদক খাদেমুল ইসলাম আরও জানান, এই ট্যালেন্ট সার্চ পরীক্ষার মূল লক্ষ্য শিশু-কিশোরদের সুদূরপ্রসারী বিকাশ ঘটানো। ভবিষ্যৎ প্রজন্মের সঠিক বিকাশের পাশাপাশি তাদের সুন্দর ক্যারিয়ার গঠনের লক্ষ্যেও এই কর্মযজ্ঞে বেশ কিছু মৌলিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।এদিনের এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রশাসক দিব্য গোপাল ঘটক, অধ্যাপক সবুজ সরকার, প্রাক্তন আধিকারিক ফরিদ হোসেন, শিক্ষক গৌরাঙ্গ সরখেল এবং কাউন্সিলর কাজী মোহাম্মদ হাবিব প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী দিল বাদশাহ। উত্তরবঙ্গের শিক্ষামহলে এই আয়োজনকে ঘিরে এই মুহূর্তে ব্যাপক আলোড়ন ও উদ্দীপনা তৈরি হয়েছে।
এদিনের সভায় আলোচনার পাশাপাশি শিক্ষা সম্মান ২০২৬ প্রধানের আয়োজন করা হয়েছিল। এই সম্মাননা গ্রহণ করেন মালদা রেলওয়ে গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা সুপর্ণা রায় দে, নয় মৌজা হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ নাজার হোসেন, বলরামপুর বারকোল হাই স্কুলের প্রধান শিক্ষক কৃষ্ণেন্দু ব্যানার্জি এবং নয় মৌজা সুবহানিয়া হাই মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ আদিল হোসেন।
এদিনের শিক্ষা-সংস্কৃতিমূলক এই আয়োজন গানে কবিতায় ভরি তোলে ছাত্রছাত্রীরা। সমগ্র অনুষ্ঠান ভরপুর হয়ে উঠেছিল রাসনাউল আলম, তামীম ইসলাম ও সোহেল ইকবালের সুদক্ষ পরিচালনায় ।

