কলকাতা 

জমি বিবাদকে কেন্দ্র করে নৃশংস হত্যাকাণ্ড নিউটাউনে

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : কলকাতার নিউটাউনের পাথরঘাটায় ঘটল এক নৃশংস হত্যাকাণ্ড (New Town News)। ভিটেমাটির বিবাদকে কেন্দ্র করে ধারালো অস্ত্রের কোপে প্রাণ হারালেন বাবা ও ছেলে। মর্মান্তিক এই হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন পরিবারের গৃহবধূ। খবর পেয়েই বিধাননগর কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। এই রক্তাক্ত ঘটনায় যুক্ত থাকার সন্দেহে ইতিমধ্যেই কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মৃতদের নাম মোজাফফর মিস্ত্রি ওরফে মনা (৫৫) এবং তাঁর ছেলে বাপি মিস্ত্রি (২৬)। পাথরঘাটা এলাকায় মিস্ত্রি পরিবারের একটি বিতর্কিত জমি নিয়ে দীর্ঘদিন ধরেই ঝামেলা চলছিল। সোমবার সেই জমিতে অন্য পক্ষ নির্মাণকাজ শুরু করলে মনা মিস্ত্রি ও তাঁর পরিবার তাতে বাধা দিতে যান। অভিযোগ, বাধা দেওয়া মাত্রই বিপক্ষ গোষ্ঠী আরও আক্রমণাত্মক হয়ে ওঠে এবং ধারালো অস্ত্র উঁচিয়ে তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়ে।

পরিস্থিতি মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দুষ্কৃতীরা রামদা ও ধারালো অস্ত্র দিয়ে মনা, তাঁর ছেলে বাপি এবং স্ত্রীকে লক্ষ্য করে এলোপাথাড়ি কোপাতে থাকে। অস্ত্রের আঘাতে রক্তাক্ত অবস্থায় তিনজনই মাটিতে লুটিয়ে পড়েন। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে—হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা বাবা ও ছেলেকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ওই মহিলা।

ভরদুপুরে এমন বিভৎস হত্যাকাণ্ডের খবর ছড়াতেই সমগ্র পাথরঘাটা এলাকায় তীব্র আতঙ্কের পাশাপাশি ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিশৃঙ্খলা এড়াতে এলাকা জুড়ে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিধাননগর পুলিশ কমিশনারেটের প্রাথমিক অনুমান, জমি সংক্রান্ত শত্রুতার জেরেই এই বর্বরোচিত হামলা। ঘটনার নেপথ্যে থাকা মূল অভিযুক্তদের ধরে আনতে ও সত্য উন্মোচন করতে একাধিক সন্দেহভাজনকে আটক করে টানা জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন তদন্তকারীরা।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ