লোকসভায় অভিষেকের আসন বদল, এবার থেকে দ্বিতীয় সারিতে বসবেন তিনি, তাঁর জায়গায় কে?
সংসদের বাদল অধিবেশন (Parliament Monsoon Session 2026) থেকে প্রথম সারি থেকে দ্বিতীয় সারিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে বসার জায়গা করে দিল। আর তাঁর জায়গায় প্রথম সারিতে চলে এলেন ‘বিদ্রোহী তৃণমূল’ তথা এনসিপিআই (NCPI) শিবিরের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee)। লোকসভা সচিবালয় সূত্রে এই খবর সামনে আসতেই রাজনৈতিক মহলে তুমুল চাঞ্চল্য তৈরি হয়েছে। লোকসভার স্পিকার ওম বিড়লার (Loksabha Speaker Om Birla) এই সিদ্ধান্তের ফলে একদিকে যেমন অভিষেক ও তাঁর শিবিরের ক্ষমতা বা শক্তিক্ষয়ের ইঙ্গিত মিলছে, তেমনই অন্যদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক গুরুত্ব এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেল।
সোমবার থেকে শুরু হওয়া সংসদের বাদল অধিবেশনের আগেই দিল্লির ক্ষমতার অলিন্দে একাধিক রাজনৈতিক সমীকরণ বদলে গিয়েছিল। সেই সমীকরণের ওপর ভিত্তি করেই লোকসভার সাংসদদের আসন পুনর্বিন্যাস করার সিদ্ধান্ত নেন স্পিকার ওম বিড়লা। নতুন তালিকা অনুযায়ী, এতদিন লোকসভার সামনের সারির ৩৫৪ নম্বর আসনে বসতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার থেকে সেই আসনটি ফিরে পেলেন প্রবীণ নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়।
আগে যখন সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের লোকসভার দলনেতা ছিলেন, তখন তিনি ওই প্রথম সারির আসনেই বসতেন। কিন্তু পরে মমতা বন্দ্যোপাধ্যায় সুদীপকে সরিয়ে অভিষেককে দলনেতা নির্বাচন করায় ৩৫৪ নম্বর আসনটি অভিষেকের দখলে যায়। তবে রাজনৈতিক সমীকরণ বদলাতেই সুদীপ নিজের পুরনো আসন ফিরে পেলেন। উল্লেখযোগ্য বিষয় হল, সম্প্রতি সুদীপ বন্দ্যোপাধ্যায় স্পিকারের কাছে দাবি জানিয়েছিলেন যে লোকসভায় যেন কোনও ‘ছোট দল’কে সামনের সারিতে জায়গা দেওয়া না হয়। রাজনৈতিক মহলের ধারণা, তাঁর এই কটাক্ষ আসলে ছিল কালীঘাট-তৃণমূল তথা মমতা-অভিষেক শিবিরের দিকেই। আর স্পিকারও শেষ পর্যন্ত সুদীপের সেই দাবি মেনে নিলেন।
আসন বদলের এই ধাক্কা শুধু অভিষেকের উপর দিয়েই যায়নি, সার্বিকভাবে তাঁর শিবিরের সব সাংসদদের আসনই লোকসভায় বেশ কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে। যেমন, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আসনও বদলে গেছে। আগে কল্যাণ লোকসভার ২৮১ নম্বর আসনে বসতেন, এবার সেই আসনটি বরাদ্দ করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। আর কল্যাণের বসার জায়গা আরও পিছনের সারিতে চলে গেছে। উল্টোদিকে, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন এনসিপিআই শিবিরের সাংসদদের আসন কিন্তু সামনের দিকে এগিয়ে এসেছে।
এদিকে দিল্লির এই নতুন সমীকরণের মধ্যেই রবিবার এক গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি বৈঠকে বসেন এনসিপিআই সাংসদরা। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হওয়া এই বৈঠকে দলের ১৫ জন সাংসদ উপস্থিত ছিলেন। সূত্রের খবর, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে এনসিপিআই সাংসদরা লোকসভায় এনডিএ (NDA) সরকারকে সমর্থন করবেন। সরকারের বিভিন্ন বিল পাস করানো থেকে শুরু করে নীতিগত সব বিষয়েই তাঁরা পাশে থাকবেন। সব মিলিয়ে, বাদল অধিবেশনের প্রথম দিনেই লোকসভার ভিতরের এই আসন বদল বাংলার রাজনীতিতে এক নতুন বিতর্কের জন্ম দিল।

