২০২৭-এর মাধ্যমিকের সূচি প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ, কোন বিষয়ের পরীক্ষা কবে?
মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। পরের বছরের পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে। ঐচ্ছিক বিষয়-সহ সব বিষয়ের পরীক্ষা শেষ হবে ২৫ ফেব্রুয়ারি। প্রতিদিন সকাল ১০টা ৪৫মিনিট থেকে দুপুর ২টো পর্যন্ত পরীক্ষা চলবে। পরীক্ষা শুরু হওয়ার প্রথম ১৫ মিনিট প্রশ্নপত্র দেখার সুযোগ পাবে পরীক্ষার্থীরা।
পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হলেও পর্ষদ জানিয়েছে, ফিজ়িক্যাল এডুকেশন, সোশ্যাল সার্ভিস এবং ওয়ার্ক এডুকেশন (কর্মশিক্ষা) পরীক্ষার দিন পরে ঘোষণা করা হবে। বাংলা, ইংরেজি-সহ আরও ১২টি বিষয়ে প্রথম ভাষার পরীক্ষা নেবে পর্ষদ। দ্বিতীয় ভাষার ক্ষেত্রে ইংরেজি ছাড়াও বাংলা এবং নেপালি ভাষা বিষয়েও পরীক্ষা দিতে পারবে পড়ুয়ারা।

সিউয়িং অ্যান্ড নিড্ল ক্রাফ্ট-এর পরীক্ষা সকাল ১০টা ৪৫ মিনিট থেকে বিকেল ৩টে পর্যন্ত চলবে। ভোক্যাল অ্যান্ড ইন্সট্রুমেন্টাল মিউজ়িকের পরীক্ষা সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত। কম্পিউটার অ্যাপ্লিকেশন-এর লিখিত পরীক্ষার জন্য দু’ঘণ্টা ৪৫ মিনিট সময় বরাদ্দ করা হয়েছে। এই বিষয়ের জন্য প্র্যাক্টিক্যাল পরীক্ষার আয়োজন স্কুলগুলিকে করতে হবে। বৃত্তিমূলক বিষয়ের ক্ষেত্রে ১ ঘন্টা ৪৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে।

