কাকদ্বীপে ২১ তম কৃমি সচেতনতা দিবস: প্রবল বৃষ্টি উপেক্ষা করে সামিল ৭০ জন কৃষক
নাফিসা ইসমাত : ফসলের কৃমি ও রোগ-পোকা দমনে কৃষকদের সচেতন করতে গত ৭ই জুলাই ২০২৬ তারিখে কাকদ্বীপ আঞ্চলিক গবেষণা কেন্দ্রে অনুষ্ঠিত হল ‘২১ তম কৃমি সচেতনতা দিবস’। বিজ্ঞান সংস্থা ‘এ.এ.পি.পি.’ এবং ‘বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়’ (বি.সি.কে.ভি.) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। আর্থিক সহযোগিতায় ছিল ‘বেয়ার ক্রপসায়েন্স’। প্রবল দুর্যোগ ও বৃষ্টি উপেক্ষা করে এলাকার প্রায় ৭০ জন কৃষক এই কর্মসূচিতে অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণ দেন অধ্যাপক শান্তনু ঝা। এরপর কারিগরি অধিবেশনে বিশেষজ্ঞরা কৃষকদের নানা সমস্যার সমাধান নিয়ে আলোচনা করেন। অধ্যাপক হীরক ব্যানার্জী এলাকার কৃষির সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। প্রখ্যাত বিজ্ঞানী ড. এম. আর. খান উপকূলীয় অঞ্চলের লাভজনক ফসলগুলোতে কৃমির সমস্যা, রোগের লক্ষণ ও তা দূর করার উপায় জানান। অনলাইন মাধ্যমে যুক্ত হয়ে ড. আর. কে. ওয়ালিয়া ফল চাষে (বিশেষ করে পেয়ারা চারার) কৃমি সমস্যা নিয়ে বক্তব্য রাখেন। এছাড়া বেয়ার ক্রপসায়েন্সের প্রতিনিধি অৰ্চন রায় সবজির কৃমি নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অধ্যাপক শান্তনু ঝা-এর সভাপতিত্বে একটি জরুরি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। সেখানে কৃষকেরা সরাসরি বিজ্ঞানীদের সাথে শস্যের রোগ-পোকা ও কৃমি নিয়ে মতবিনিময় করেন। ড. দেবযানী কুন্ডুর পরিচালনায় এই পর্বে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক অরুণ কুমার সেনাপতি ও ড. আশিষ রায় বর্মন। সবশেষে ড. আশিষ রায় বর্মনের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সফলভাবে শেষ হয়।

