বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে কলকাতাসহ রাজ্যের বিভিন্ন প্রান্তে এসডিপিআই-এর বিক্ষোভ ও মোমবাতি মিছিল
বিশেষ প্রতিনিধি : বারুইপুরে নাবালিকার ওপর নৃশংস ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া (এসডিপিআই)-এর উদ্যোগে আজ কলকাতাসহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ প্রদর্শন, প্রতিবাদ সভা ও মোমবাতি মিছিল অনুষ্ঠিত হয়।
কলকাতার মৌলালি, দক্ষিণ ২৪ পরগনার সংগ্রামপুর ও ঢোলাহাট, মুর্শিদাবাদ জেলার ডোমকল, হরিহরপাড়া, সারগাছি, লালগোলা, রঘুনাথগঞ্জ, সাগরদিঘী ও সামসেরগঞ্জ, এবং বীরভূমের নলহাটি-সহ রাজ্যের বিভিন্ন এলাকায় দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সর্বত্র একটাই দাবি উচ্চারিত হয়—অভয়ার ধর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেক অপরাধীর দ্রুত বিচার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এবং তদন্তে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ বরদাস্ত করা যাবে না। তাছাড়াও বহু স্থানে পুলিসের তরফ থেকে মোমবাতি মিছিল করতে অনুমতি না দেওয়া এবং বাঁধা দেওয়া হয়েছে।
কলকাতার মৌলালিতে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে ওমেন ইন্ডিয়া মুভমেন্টের জাতীয় সভাপতি ও পার্টির জাতীয় কমিটির সদস্যা ইয়াসমিন ইসলাম বলেন— বিজেপি পার্টি ধর্ষকদের পার্টি, নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে এই সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় অপরাধীদের রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় দেওয়া হচ্ছে। দেশের কোনো মা-বাবাই আজ বিজেপি সরকারের হাত থেকে তাঁদের কন্যা সন্তানের নিরাপত্তা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারছেন না। জনগণকে এটা বোঝা দরকার নেই পার্টির নেতৃত্ব ধর্ষকদের জেল থেকে বেরিয়ে আসার পর ফুলের মালা পড়িয়ে সংবর্ধনা দেই তারা দেশের জন্য কতটা বিপদজনক।
প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন এসডিপিআই পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক সারুর আলম, রাজ্য কোষাধ্যক্ষ আফতাব আলম, কলকাতা জেলা সভাপতি ডাঃ সাহিদা আনোয়ার, জেলা সাধারণ সম্পাদক আখতার হোসেন-সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বারুইপুরের ঘটনায় নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে ফাস্ট ট্র্যাক আদালতে বিচার সম্পন্ন করতে হবে এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ঘটনায় যদি কোনো রাজনৈতিক প্রভাব বা প্রশাসনিক গাফিলতির অভিযোগ প্রমাণিত হয়, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই দাবি রাজ্যের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় তোলা হয়।

