সাড়ম্বরে অনুষ্ঠিত ‘ত্রিনেত্রা’র পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে
সংবাদদাতা, বাংলার জনরব: ‘ত্রিনেত্রা’ সাহিত্য পত্রিকা এই সময়ে পশ্চিমবাংলার লিটিল ম্যাগাজিন জগতে ব্যতিক্রমী এক নাম। যার দক্ষ সম্পাদক বিকাশচন্দ্র সরকার, সহ সম্পাদক স্মিতা ব্যানার্জী, প্রিয়াংশু বিশ্বাস, সভাপতি মধুমিতা ভট্টাচার্য এবং সহ সভাপতি বর্ণালী চৌধুরী ও লোপামুদ্রা সরকারের উদ্যোগে গত ২৯ জুন ২০২৬ কলকাতা বিপ্লবী লীলা রায় সভাঘরে বর্ণাঢ্য সাহিত্য সংস্কৃতি অনুষ্ঠিত হয়।
এদিন আলোচনা, গান, শ্রুতিনাটক, কবিতার আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল পত্রিকার ষষ্ঠ বর্ষ প্রথম সংখ্যা প্রকাশ এবং গুণীজন সংবর্ধনা। অনুষ্ঠানের শুভ সূচনায় পত্রিকা গোষ্ঠীর শিল্পীদের তরফে পরিবেশিত হয় সমবেত সংগীত ‘সফল কর হে প্রভু আজি সভা’। সম্পাদকীয় বক্তব্যের পর ১৩৬ জন কবি সাহিত্যিকের ভিন্ন ভিন্ন স্বাদের গল্প, কবিতা , প্রবন্ধ নিবন্ধে সমৃদ্ধ ত্রিনেত্রা সাহিত্য পত্রিকার ষষ্ঠ বর্ষ প্রথম সংখ্যাটির আনুষ্ঠানিক আবরণ উন্মোচন করেন মঞ্চাসীন আমন্ত্রিত অতিথিরা। এদিন কলকাতা মহানগরীর বর্ষণমুখর প্রতিবন্ধকতা উপেক্ষা করে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আগত শতাধিক কবি সাহিত্যিকের উপস্থিততে সমগ্র অনুষ্ঠানটি মুখর হয়ে ওঠে। উল্লেখযোগ্য কবি সাহিত্যিকদের মধ্যে এদিন উপস্থিত ছিলেন ড. রমলা মুখার্জী, ডা. সিরাজুল ইসলাম ঢালী, সেখ আব্দুল মান্নান, নাট্যব্যক্তিত্ব স্বপন কুমার গাঙ্গুলী , বিপুল পাল, অশেষ দে, অমিতাভ কর, আলমগীর রাহমান, সমর শংকর চট্টোপাধ্যায়, শিবশঙ্কর বক্সী, ড. মিন্টু চক্রবর্তী, সুনীপা শীল, প্রদ্যোৎ ঘোষ, ভাস্কর মজুমদার, নাজমা সুলতানা,রীতা পাকরাশী, সুপর্ণাঋ বসুদে, কৌশিক ভট্টাচার্য, কৃষ্ণা গুহ, অপর্ণা বৈরাগী, মৌসুমী দে,পদ্মা সাহা, শান্তা সাহা. দ্বীপান্বিতা মজুমদার দেবযানী ঘোষাল, দান সাগর মাইতি, পিংকি পেখম প্রমুখ।
উপস্থিত প্রত্যেক কবি সাহিত্যিক ও গুণিজনদের উদ্যোক্তাদের তরফে পুষ্প স্তবক, উত্তরীয়, পত্রিকা ও উপহার সামগ্রী দিয়ে সংবর্ধিত করা হয়। প্রতিবছরের মতো এবারও উদ্যোক্তাদের তরফে ত্রিনেত্রা সাহিত্য সম্মান, ত্রিনেত্রা কলম সম্মান এবং ত্রিনেত্রা বাচিক শিল্পী সম্মান জ্ঞাপন করা হয় ক্রমে নাট্যকার স্বপন কুমার গাঙ্গুলী, অশেষ দে ও সুভাষ রায় কে। অনুষ্ঠানে পরিবেশিত বিশিষ্ট অভিনেতা ও নাট্যপরিচালক ড. মিন্টু চক্রবর্তীর রূপান্তরিত সুকুমার রায়ের ‘সৎপাত্র’ কবিতার নাট্যরূপ ‘মেয়ের বিয়ে’ এর অনবদ্য অভিনয়ে উপস্থিত দর্শক শ্রোতাদের মুগ্ধ করে দেয় বালক আকাশদীপ পাল ও সৃজন শিকদার।
সমগ্র অনুষ্ঠানটিথ সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট সংস্কৃতজ্ঞ আকাশবাণীর সঞ্চালক প্রণব নস্কর।

