দলের নাম, প্রতীক ভাঁড়িয়ে কর্মীদের বিভ্রান্ত করছে অভিযোগ করে থানায় এফ আই আর মমতার তৃণমূলের
দলের নাম, প্রতীক ভাঁড়িয়ে কর্মীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরের নেতারা! এমন অভিযোগ তুলে দুই থানায় অভিযোগ জানাল তৃণমূল কংগ্রেসের মমতা গোষ্ঠী। তৃণমূল মমতা গোষ্ঠীর পক্ষে সাংসদ দোলা সেন কালীঘাট এবং নিউটাউন থানায় অভিযোগ দায়ের করেছেন। কালীঘাট তৃণমূলের তরফে ঋতব্রত ছাড়াও অরূপ রায়, জাভেদ খান, সন্দীপন সাহা, বিপ্লব মিত্রের নামোল্লেখ করে অভিযোগ জানানো হয়েছে। এই প্রসঙ্গে ঋতব্রত বলেন, “অভিযোগ যে কেউ জানাতেই পারেন। দেশে আইন এবং নির্বাচন কমিশন বলে কিছু ব্যাপার আছে। সেই আইন আর নির্বাচন কমিশনের উপর ভরসা থাকুক।”
গত সোমবার (২২ জুন) নিউটাউনের একটি বিলাসবহুল হোটেলে তৃণমূলের ‘বিশেষ অধিবেশনের’ আয়োজন করেছিল ঋতব্রত শিবির। ওই বৈঠকে দলের বেশ কয়েক জন বিধায়ক, প্রাক্তন বিধায়কের উপস্থিতিতে জাতীয় কর্মসমিতিও গড়ে ফেলেন ঋতব্রতেরা। সেই কর্মসমিতিতে ঠাঁই হয়নি তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মমতার তৃণমূল মনে করছে বিদ্রোহী শিবিরের এই পদক্ষেপের নেপথ্যে রয়েছেন অন্য কয়েক জন। নিউটাউন থানার ওসি-কে পাঠানো চিঠিতে এই ‘নেপথ্যচারীদের’ শনাক্ত করার আর্জি জানানো হয়েছে। ঋতব্রতেরা সোমবার যে হোটেলে বৈঠক করেছিলেন, সেটি নিউটাউন থানা এলাকায় অবস্থিত। সেই কারণেই ওই থানায় তৃণমূল অভিযোগ জানাল বলে মনে করা হচ্ছে।

