আদালতের স্বস্তির মধ্যে সিআইডি দফতরে হাজিরা অভিষেকের,মামলা থেকে সরে দাঁড়ালেন কল্যাণ!
তৃণমূল বিধায়কদের সই জাল সংক্রান্ত মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজই সিআইডি-র কাছে হাজিরা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। অভিষেক এখন দিল্লিতে। তৃণমূল সূত্রে খবর, বিকেল চারটে নাগাদ কলকাতায় ফিরে সন্ধ্যা ছ’টার মধ্যে ভবানী ভবনে সিআইডি দফতরে যাবেন তিনি। দু’সপ্তাহ পরে মামলার পরবর্তী শুনানির মধ্যবর্তী সময়ে অভিষেকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না বলেও নির্দেশ দিয়েছে আদালত।
আদালতের এই নির্দেশে অভিষেক আপাতত স্বস্তি পেলেও এ দিনই তাঁর অস্বস্তি বাড়িয়েছেন তৃণমূলের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অভিষেকের বিরুদ্ধে ‘ঔদ্ধত্যের’ অভিযোগ এনে রক্ষাকবচ মামলা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। একই সঙ্গে কল্যাণের বিস্ফোরক মন্তব্য, ‘‘ওর জন্যই দলটা শেষ হয়ে গিয়েছে!’’
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বিকেল ৪টে নাগাদ দিল্লি থেকে ফিরছেন অভিষেক। সন্ধ্যা ৬টার মধ্যে তাঁকে সিআইডি দফতর ভবানী ভবনে হাজির হতে হবে। তদন্তের প্রয়োজনে তদন্তকারী সংস্থা আইন মেনে পদক্ষেপ করতে পারবে।
আদালতে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার বলেন, “অভিষেক বন্দোপাধ্যায় প্রথমে সাক্ষী হলেও এখন সই জাল কাণ্ডে অন্যতম অভিযুক্ত। তাঁকে গ্রেফতার করে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা আছে। অভিষেকের আইনজীবী জানান, পুলিশকে গ্রেফতার না-করলে তাঁর মক্কেল হাজিরা দেবেন।
বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে অভিষেকের এই মামলায় আইনজীবী হিসাবে সওয়াল করার কথা ছিল কল্যাণের। কিন্তু শুনানির আগে মামলা থেকে সরে দাঁড়ান শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। এই মামলায় অভিষেকের হয়ে আদালতে সওয়াল করেন অয়ন ভট্টাচার্য। শুধু কল্যাণ নন, কল্যাণের ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় এবং অন্য জুনিয়র আইনজীবীরাও মামলা থেকে সরে দাঁড়ান।

