রবিবার দিল্লি যাচ্ছেন মমতা! বাতিল কাউন্সিলরদের সঙ্গে বৈঠক! নেপথ্যে রহস্য?
কলকাতার সব তৃণমূল কাউন্সিলরকে নিয়ে রবিবার বিকেলে বৈঠকে বসার কথা ছিল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু রবিবারই তাঁকে দিল্লিতে যেতে হবে। আর সেই কারণে তৃণমূল ভবনের বৈঠকে আসতে পারবেন না তিনি। মমতা থাকতে না-পারায় বাতিল হল রবিবার তৃণমূল কাউন্সিলরদের বৈঠক।
দিন দুয়েক আগে কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দেন ফিরহাদ হাকিম। তাঁর ইস্তফার পর তৃণমূলের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা স্থির করতেই রবিবার বিকেল ৪টে নাগাদ বাইপাসের ধারের তৃণমূল ভবনে কলকাতার তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠক ডাকা হয়। সেই বৈঠকে উপস্থিত থাকার কথা ছিল তৃণমূলনেত্রী মমতার। কিন্তু শেষ মুহূর্তে জানা যায়, রবিবার বিকেলের বৈঠকে যোগ দিতে পারবেন না তিনি।
রবিবারই মমতার দিল্লি যাওয়ার কথা। সেই কারণে তৃণমূল ভবনে কাউন্সিলরদের বৈঠকে তিনি যোগ দিতে পারবেন না। সূত্রের খবর, দলীয় নেত্রীর অনুপস্থিতিতে বৈঠকের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন অধিকাংশ কাউন্সিলরই। রবিবার সকালে দলের তরফে কাউন্সিলরদের জানিয়ে দেওয়া হয়, আপাতত বৈঠক বাতিল করা হচ্ছে।

