বিশ্ব পরিবেশ দিবসে IKSFF-এর বিশেষ উদ্যোগ, শুরু হল বিশ্ব পরিবেশ দিবস
স্মৃতি সামন্ত, কলকাতা : আন্তর্জাতিক কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল (IKSFF)-এর উদ্যোগে কলকাতায় অনুষ্ঠিত হল বিশেষ পরিবেশ সচেতনতা কর্মসূচি “Whispers of Tomorrow: Nature, Climate & Our Future”। অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়বদ্ধতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল #KolkataCleanCity2026 ডিজিটাল জনসচেতনতা প্রচারাভিযানের সূচনা। উপস্থিত অতিথিরা যৌথভাবে এই অভিযানের উদ্বোধন করেন। উদ্যোগের লক্ষ্য শহরবাসীকে আরও পরিচ্ছন্ন, সবুজ ও পরিবেশবান্ধব কলকাতা গড়ে তোলার কাজ করা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. পার্থ চট্টোপাধ্যায়, Disasters Magazine-এর সিনিয়র এডিটর বৈশালী মুখার্জী, পরিবেশ বিজ্ঞানী ড. স্বাতী নন্দী চক্রবর্তী-সহ বিশিষ্ট অতিথিরা। বক্তারা পরিবেশ রক্ষায় নাগরিকদের সক্রিয় ভূমিকা, প্লাস্টিক দূষণ রোধ এবং জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের ওপর জোর দেন।
IKSFF-এর ফেস্টিভ্যাল চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বলেন, “সিনেমা শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়, সমাজে ইতিবাচক পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার। ‘Whispers of Tomorrow’-এর মাধ্যমে পরিবেশ ও জলবায়ু নিয়ে দীর্ঘমেয়াদি জনসচেতনতা গড়ে তুলতে চাই।”
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, চলচ্চিত্রকর্মী, পরিবেশপ্রেমী ও গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন। পরিবেশবান্ধব ভবিষ্যৎ নির্মাণের অঙ্গীকারের মধ্য দিয়ে শেষ হয় এই কর্মসূচি।

