কলকাতা 

জ্বালানি ও পরিবহন খরচ বৃদ্ধি হয়েছে বাস ভাড়া বাড়ানোর দাবি জানালো অ্যাসোসিয়েশন

শেয়ার করুন

লাগাতার পেট্রোল ও ডিজ়েলের মূল্যবৃদ্ধি, যন্ত্রাংশের খরচ বৃদ্ধি এবং পরিবহণ ব্যবসায় ক্রমবর্ধমান লোকসানের জেরে ফের বাসভাড়া বৃদ্ধির দাবি তুলল বেসরকারি বাসমালিক সংগঠন। ২০১৮ সালের পর থেকে রাজ্যে বেসরকারি বাসের ভাড়া আর বাড়ানো হয়নি বলে দাবি করে এ বার ভাড়া পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছে রাজ্য পরিবহণ দফতরের কাছে।

সম্প্রতি জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট (ওয়েস্ট বেঙ্গল)-এর সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় পরিবহণ দফতরের সচিবকে একটি চিঠি পাঠিয়ে এই দাবি জানান। ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, বর্তমানে ডিজ়েলের দাম ১০০ টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে। অথচ শেষ বার বাসভাড়া বৃদ্ধি হয়েছিল ২০১৮ সালে।

চিঠিতে আরও বলা হয়েছে, জ্বালানির দামবৃদ্ধির পাশাপাশি গাড়ির যন্ত্রাংশ, টায়ার, বিমা, রক্ষণাবেক্ষণ এবং কর্মীদের বেতন— সব ক্ষেত্রেই খরচ বেড়েছে। কিন্তু সেই তুলনায় ভাড়া অপরিবর্তিত থাকায় বাসমালিকদের উপর আর্থিক চাপ ক্রমশ বাড়ছে। সংগঠনের দাবি, এই পরিস্থিতিতে দ্রুত আলোচনার মাধ্যমে বাসভাড়া বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

শুধু ভাড়া বৃদ্ধি নয়, পরিবহণ ব্যবস্থার বিভিন্ন সমস্যার কথাও চিঠিতে তুলে ধরা হয়েছে। সংগঠনের তরফে বাসভাড়া নির্ধারণের জন্য একটি রেগুলেটরি কমিটি গঠনের দাবি জানানো হয়েছে, যেখানে সরকার, পরিবহণ দফতর এবং বাসমালিক সংগঠনের প্রতিনিধিরা থাকবেন।

সংগঠনের দাবি, বাস পরিবহণ ব্যবস্থা সচল রাখতে সরকারকে দ্রুত পদক্ষেপ করতে হবে। অন্যথায় বহু বেসরকারি বাস রাস্তায় নামানো কঠিন হয়ে পড়বে। যদিও এখনও পর্যন্ত পরিবহণ দফতরের তরফে এই প্রস্তাব নিয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে দীর্ঘ দিন পর ফের বাসভাড়া বৃদ্ধির দাবি ওঠায় যাত্রীমহলে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ