কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তনু সিংহের কান্দির বাড়ি বাজেয়াপ্ত করতে চলেছে ইডি
মুর্শিদাবাদের কান্দিতে কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তনু সিংহ বিশ্বাসের বাড়ি বাজেয়াপ্ত করার প্রস্তুতি শুরু করেছে ইডি। শান্তনুকে আগেই গ্রেফতার করা হয়েছিল। শুক্রবার কান্দির ওই বাড়িতে তালা ভেঙে ঢুকে তল্লাশি চালান তদন্তকারী আধিকারিকেরা। এ ছাড়াও কলকাতার বেশ কয়েকটি জায়গায় তল্লাশি অভিযান চলেছে। এক দিনের অভিযানেই প্রায় দু’কেজি সোনা উদ্ধার করেছে ইডি। এ ছাড়া, বেশ কিছু নগদ টাকা, মোবাইল ফোন এবং সম্পত্তির কাগজপত্র বাজেয়াপ্ত করা হয়েছে।
সোনা পাপ্পুর মামলায় ধৃত কলকাতার প্রাক্তন পুলিশকর্তা শান্তনুর পৈতৃক বাড়ি কান্দিতে। একসময় কালীঘাট থানার ওসি ছিলেন এই শান্তনু। কান্দি পুরসভার আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিনি। শুক্রবার ভোরে তাঁর সেই বাড়িতে গিয়েছিলেন ইডি আধিকারিকেরা।
ইডি সূত্রে খবর, শান্তনুর এই বাড়িটি বাজেয়াপ্ত করা হবে। শুক্রবার বাড়ির বিভিন্ন নথি খতিয়ে দেখেছেন কেন্দ্রীয় আধিকারিকেরা। শান্তনুর পরিবারের সঙ্গেও কথা বলেছেন। ইতিমধ্যে বাড়িটি বাজেয়াপ্ত করার প্রস্তুতি শুরু হয়েছে।
শুক্রবার সোনা পাপ্পুর মামলায় কলকাতার তিনটি জায়গায় গিয়েছিলেন ইডি আধিকারিকেরা। কসবায় কলকাতা পুলিশের এক সাব ইনস্পেক্টরের (এসআই) বাড়ি এবং চক্রবেড়িয়ায় অতুল কাটারিয়া নামের এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালানো হয়। সোনা পাপ্পুর সঙ্গে তাঁদের যোগসূত্র পাওয়া গিয়েছে বলে অভিযোগ। এ ছাড়া, শহরের রয়েড স্ট্রিটেও ইডির একটি দল গিয়েছিল। সব মিলিয়ে, শুক্রবার মোট ন’টি জায়গায় তল্লাশি অভিযান চলেছে। ইডি সূত্রে খবর, শুধু শুক্রবারের অভিযানে প্রায় দু’কেজি সোনা বাজেয়াপ্ত করা হয়েছে। তার আনুমানিক বাজারদর তিন কোটি টাকার কাছাকাছি হবে। এ ছাড়া ১০ লক্ষ টাকা নগদ বাজেয়াপ্ত করা হয়েছে।

