খাস কলকাতার কমলা চ্যাটার্জি বালিকা বিদ্যালয়ে ভোর রাতে দুষ্কৃতী হামলা, তদন্তে পুলিশ!
বিশেষ প্রতিনিধি : কলকাতার এক নামি সরকারি স্কুলে হামলা চালালো দুষ্কৃতীরা। খাস কলকাতা শহরের গড়িয়া হাটের মত গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থিত একটি বালিকা বিদ্যালয়ে যেভাবে দুষ্কৃতীরা তান্ডব চালিয়েছে তাতে বিড়ম্বনায় পড়েছে কলকাতা পুলিশ। কমলা চ্যাটার্জি গার্লস হাই স্কুল কলকাতা শহরের অন্যতম সরকারি নামি স্কুল বলে পরিচিত। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দেবযানী দাস বলেছেন, শনিবার ভোর সাড়ে চারটে নাগাদ এখানে হামলা হয়েছে। প্রধান শিক্ষিকার ভাষায়,“সকালে স্কুলে এসে দেখা যায়, সব তছনছ করে দেওয়া হয়েছে। সিসি ক্যামেরায় সব রেকর্ডিং রয়েছে। পুলিশের পাশাপাশি জেলা স্কুল পরিদর্শকের কাছে অভিযোগ করা হয়েছে।” সকালেই স্কুল কর্তৃপক্ষ গড়িয়াহাটা থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। সেই অনুযায়ী তদন্ত শুরু করেছে পুলিশ।
স্কুল কর্তৃপক্ষের দাবি, তাঁদের একটি ভবন নিজস্ব নয়। ভাড়া নিয়ে প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের ক্লাস হয়। ওই ভবনেই ভাঙচুর চালানো হয়েছে বলে দাবি। ওই স্কুলে রয়েছে নজরদার ক্যামেরা। সেখানে ধরা পড়েছে, ভোররাতে একদল যুবক স্কুলের প্রধান দরজা টপকে স্কুলের ভিতরে ঢুকে পড়ছে। তার পর ওই ভবনে ভাঙচুর চালায়।
জেলা স্কুলশিক্ষা দফতর সূত্রের জানা গিয়েছে, আগামী সোমবার প্রধানশিক্ষিকার সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ করা হবে।

